নির্বাচনে সরকার নয়, ইসিই গুরুত্বপূর্ণ
জাতীয়তাবাদী ফ্রন্টের আহ্বায়ক নাজমুল হুদা বলেছেন, নির্বাচনকালীন সরকার কী হবে, তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কোন সরকার ক্ষমতায়, তা সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ নয়। এ জন্য নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকার কেমন হবে—এ নিয়ে নাজমুল হুদা একটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে তিনি সরকারি ও বিরোধী দলসহ সবার সম্মতিতে একটি নির্বাচন কমিশন গঠন ও ওই নির্বাচন কমিশনকে সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেন। একই সঙ্গে তিনি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার যে বিধান আগে সংবিধানে ছিল, তা ফিরিয়ে আনার দাবি জানান।বিএনপির সাবেক এই নেতা বলেন, এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিতর্ক চলছে, এই সরকারব্যবস্থার দাবি মেনে নেওয়া হলেও সমস্যার সমাধান হবে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন—এ নিয়ে তখন বিতর্ক তৈরি হবে। এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এতে বিষয়টি নিয়ে অস্থিরতা ও হানাহানি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।নাজমুল হুদা বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কারণ, সংবিধানে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনকেই দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কিছু সীমাবদ্ধতা আছে। সেগুলো কাটিয়ে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে তিনি এ প্রস্তাব দেন।