নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে গণফোরামের সুপারিশ
জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের লক্ষ্যে সুস্পষ্ট বিধান প্রণয়নের সুপারিশ করেছে গণফোরাম। এ জন্য তারা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে আজ মঙ্গলবার গণফোরামের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত সুপারিশ করা হয়। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।মোস্তফা মোহসিন বলেন, স্বাধীনতার পর একই সীমানার অধীনে আটটি নির্বাচন হয়েছে। অথচ ২০০৮ সালে শুধু জনসংখ্যাকে প্রাধান্য দিয়ে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছিল। এতে প্রশাসনিক সুবিধা ও ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই আগামী নির্বাচনে ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যাওয়া সমীচীন বলে গণফোরাম মনে করে। এ ছাড়া তিনি নির্বাচন কমিশনকে আর্থিক স্বাধীনতা দেওয়া এবং এ বিষয়ে জাতীয় বাজেটে সরাসরি বরাদ্দ রাখার পক্ষে মত দেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, চলমান প্রক্রিয়া হিসেবে একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে। তাদের পরামর্শ নিয়েই সংসদীয় আসনের সীমানা বিন্যাস করা হবে। নির্বাচন কমিশন আজ খেলাফত মজলিস, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট ও জাকের পার্টির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে।খেলাফত মজলিসের নায়েবে আমির মুজিবুর রহমান সংলাপে ভৌগোলিক ও প্রশাসনিক অখণ্ডতাকে প্রাধান্য দিয়ে সংসদীয় আসনের সীমানা বিন্যাস করার পক্ষে মত দেন। একই সঙ্গে তিনি সুষুম নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করার কথা বলেন। এর আগে সংলাপে অংশ নিয়ে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান বিধান অনুযায়ী কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরবর্তী তিন বছর নির্বাচনে অংশ নিতে পারেন না। এই বিধান মৌলিক অধিকারের পরিপন্থী। তাই এটি বাতিল করা দরকার। জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান বলেন, দলটি সংবিধান ও জাতীয় পতাকা মানে না। গণফ্রন্টের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারব্যবস্থা না থাকলে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ঘটতে পারে। এরপর বিকেলে জাকের পার্টি সংলাপে অংশ নেয়। তবে ১৮-দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম সংলাপে অংশ নেয়নি। সংলাপে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহ হাফিজ এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।