কাল সংলাপে অংশ নিচ্ছে না আ.লীগ
নির্বাচনে সশস্ত্র বাহিনীর পক্ষে জাপা, বিপক্ষে ওয়ার্কার্স পার্টি
জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে জাতীয় পার্টি। আর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নির্বাচনে সশস্ত্র বাহিনী বিভাগকে সম্পৃক্ত না করার পরামর্শ দিয়েছে। সংসদীয় আসনের সীমানা বিন্যাস বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠানে আজ বুধবার তারা এই সুপারিশ করে। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টির আট সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। এতে রুহুল আমিন বলেন, সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা রয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টি বাধ্যতামূলক করা উচিত। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। ইসি এ বিষয়ে প্রস্তাব আনলে জাতীয় পার্টি তা সংসদে পাস করিয়ে নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক (চুন্নু) বড় পরিসরে সীমানা বিন্যাস না করার পক্ষে মত দেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করে নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগকে নির্বাচন কমিশনের অধীনে আনার ব্যবস্থা করতে হবে। দলের কেন্দ্রীয় নেতা কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বর্তমান ইসির ওপর জনগণের আস্থা কম। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়ে আমি দেখেছি, ইসি নিরপেক্ষ নয়।’ ওয়ার্কার্স পার্টির পক্ষে সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। মেনন বলেন, ‘সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় এলে কীভাবে তার প্রভাব পড়ে, তা আমরা দেখেছি। প্রতিরক্ষা বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় না রাখা ভালো।’ দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় সাংসদ ও প্রার্থীদের ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত বলে মনে করেন মেনন। তিনি বলেন, সংবিধানের ১২৩(৩) অনুযায়ী সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বিদ্যমান সাংসদ ও নতুন প্রার্থীদের অবস্থান কী হবে, সে বিষয়ে দ্রুত সুরাহা হওয়া উচিত। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ‘ইসি জামায়াতকে নিবন্ধন দিয়ে ফেলেছে। এখন নিবন্ধন বাতিল করতে গেলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০(এইচ) মেনে তা করতে গেলে সময়ের দরকার। ইচ্ছে করলেই করে ফেলা যায় না।’ আজকের সংলাপে আরও অংশ নেয় জাতীয় পার্টি (জেপি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সংলাপে অংশ নেয়নি। জাতীয় সমাজতান্ত্রিক দলও (জাসদ) আজকের নির্ধারিত সংলাপে অংশ নেয়নি। তারা ইসির কাছে সময়সূচি পরিবর্তনের আবেদন করেছে।সংলাপে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক, মো. আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ এবং ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাল সংলাপে অংশ নিচ্ছে না আ.লীগ: কাল বৃহস্পতিবার নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস কমিশনে গিয়ে নতুন সময়সূচি চেয়ে চিঠি দিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, কমিশন আগামী ৫ ডিসেম্বর আওয়ামী লীগকে সংলাপের নতুন তারিখ দেবে বলে ধারণা করা হচ্ছে।