নির্বাচনে সেনা মোতায়েন করলে গণতন্ত্র লঙ্ঘিত হয়: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কথায় কথায় সেনাবাহিনী নিয়ে এসে নির্বাচন করাটা আমি যৌক্তিক মনে করি না। এতে গণতন্ত্রের চর্চা লঙ্ঘিত হয়।’ তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যাঁরা সমালোচনা করেছেন, তাঁরাই এখন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করছেন। সেনাবাহিনী এ জন্য তৈরি করা হয়নি। এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’আজ সোমবার সকালে ময়মনসিংহের একটি হোটেলে ‘নির্বাচন ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে যিনি হেরে যান, তিনি মনে করেন সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিপক্ষ জয়লাভ করেছেন। আর আমাদের পুলিশ, বিডিআর, আনসার থাকার পরও কেন সেনাবাহিনী দিয়ে নির্বাচন করতে হবে? গণতান্ত্রিক এ দেশে এমন কী হয়েছে যে মেশিনগান তাক করে নির্বাচন করতে হবে?’নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা, প্রশিক্ষণ ও নির্বাচনী কেন্দ্রের জন্য ব্যয় বরাদ্দ বাড়ানো হচ্ছে। প্রয়োজনে একেকটি কেন্দ্রে তিন থেকে চারবার নির্বাচন হবে। তবুও নির্বাচন সন্তোষজনক হতে হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ বলে তিনি মন্তব্য করেন। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোহসীনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, জেলা উপনির্বাচন কমিশনার মো. এমরান প্রমুখ।