নির্বাচনে হারলেই কারচুপি, জিতলে ঠিক আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচনের দিন ঢাকায় বসে বিএনপি অনেকগুলো কেন্দ্র থেকে তাদের সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার অভিযোগ করেছিল। সুনির্দিষ্টভাবে অভিযোগ করা এমন ১০টি কেন্দ্রের মধ্যে বিএনপি আটটিতেই জিতেছে।ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ভোট গ্রহণের দিন ঢাকায় বিএনপি পাঁচটি কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করে। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতারা অবশ্য আটটি কেন্দ্রে কারচুপির অভিযোগ করেন। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর গোটা নির্বাচনকে কারচুপি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে তাঁরা হরতাল ডাকেন।অতীতে দেখা গেছে, শুধু বিএনপিই নয়, বড় দুই দলই নির্বাচনে হারলে কারচুপির অভিযোগ করে, জিতলে নির্বাচনকে সুষ্ঠু আখ্যা দেয়। এবারও হবিগঞ্জ-১ আসনে বিকেলে কারচুপির অভিযোগ করলেও জিতে যাওয়ার পর নির্বাচনকে সুষ্ঠু বলেছেন বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া। আবার সারা দিন নির্বাচনকে ভালো বললেও ভোটে হেরে যাওয়ার পর ছয় কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হুসেন চৌধুরী।নির্বাচন নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনের ফল মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে তাদের।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, ‘নির্বাচনে অভিযোগ থাকলে তার প্রতিকারের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এগুলোই গণতান্ত্রিক সংস্কৃতি। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবির সংস্কৃতি পাল্টাতে হবে। আমরা কমিশনের সংস্কারের কথা বলতে পারি। কিন্তু কথায় কথায় তাদের পদত্যাগ চাইতে পারি না।’হবিগঞ্জ-১ আসনের চিত্র: বিএনপির বিজয়ী প্রার্থী শেখ সুজাত মিয়া ভোটের দিন বেলা দুইটার সময় প্রথম আলোকে বলেছিলেন, ‘খুব ভালো নির্বাচন হচ্ছে। আমার কোনো অভিযোগ নেই।’ ভোট শেষে বিকেল চারটায় তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) নবীগঞ্জের বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মেরেছে।’রাত সাড়ে নয়টার দিকে নবীগঞ্জ উপজেলা মিলনায়তনে ভোটের ফল প্রকাশের পর এক হাজার ২৮৫ ভোটের ব্যবধানে বিজয়ের পর সুজাত মিয়া বলেন, ‘নির্বাচন ভালো হয়েছে।’ আগে কেন কারচুপির অভিযোগ করলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘যাতে কারচুপি না হয়, সে জন্যই আগাম অভিযোগ করে রেখেছিলাম।’ এমন করা কতটা যুক্তিপূর্ণ, জানতে চাইলে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি আরও বেশি ভোটের ব্যবধানে জিততাম।’বিএনপির অভিযোগ করা কেন্দ্রগুলোর ফল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঢাকায় বসে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ১০টি কেন্দ্রের নাম উল্লেখ করে সেগুলো থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে আওয়ামী লীগের পক্ষে সিল মারার অভিযোগ করেছিলেন।এই কেন্দ্রগুলোর মধ্যে নবীগঞ্জের ৬৯ নম্বর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ৪৭৬ ও আওয়ামী লীগ ৪৩৭ ভোট; ১০১ নম্বর তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ৬৮২ ও আওয়ামী লীগ ৪৩৭ ভোট; ১১৪ নম্বর গুমগুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি ৭৪৭ ও আওয়ামী লীগ ৫৪৪ ভোট; ১২৩ নম্বর আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি ৬৬৭ ও আওয়ামী লীগ ৫৪০ ভোট; ১৪২ নম্বর ভরারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি এক হাজার ৪০ ভোট ও আওয়ামী লীগ ৪৮৮ এবং ১৭১ নম্বর নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি এক হাজার ১২৪ ও আওয়ামী লীগ ৩৬১ ভোট পেয়েছে।বিএনপি অভিযোগ করেছিল এমন কেন্দ্রগুলোর মধ্যে শুধু ১৬৬ নম্বর পানিউন্দা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ৭৫৮ ভোট পেয়ে জিতেছে। এখানে বিএনপি ভোট পেয়েছে ৪৭৫টি।বাহুবলের ১ নম্বর খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ৪৬৯ ভোট পেয়ে জিতেছে। এখানে আওয়ামী লীগ ২৭৩ ভোট পেয়েছে। ৩১ নম্বর বাহুবল সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবশ্য আওয়ামী লীগ ৬২৮ ভোট পেয়ে জিতেছে। এখানে বিএনপি ভোট পেয়েছে ৫৮৪টি।এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের স্থানীয় কর্মীরা ফ্যাক্স ও টেলিফোন করে এসব তথ্য জানিয়েছিল।’ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যা হয়েছে: এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ঢাকায় সংবাদ সম্মেলন করে নজরুল ইসলাম পাঁচটি কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানান। সেদিন বিএনপি বলেছিল, এই কেন্দ্রগুলো ছাড়া বাকিগুলোতে ভোট ভালো হয়েছে। ওই দিন সন্ধ্যায়ও ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থীর প্রধান এজেন্ট শফিকুল ইসলাম ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, আটটি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু ভোট গণনাকালে রাত ১০টার দিকে যখন দেখা যায় ১০০ কেন্দ্রে বিএনপির প্রার্থী ৩৭ হাজার ভোটে পিছিয়ে, তখন বিএনপি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে হরতাল ঘোষণা করে।অবশ্য বিএনপি যেসব কেন্দ্র থেকে তাদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছিল, সেগুলোর দুটি (নাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসুদেব সরকারি উচ্চবিদ্যালয়) কেন্দ্রে গিয়ে অভিযোগের কোনো সত্যতা পায়নি প্রথম আলো। তৎক্ষণাৎ বিএনপির প্রার্থীকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘আমাদের কাছে এমন অভিযোগ ছিল।’ফল বাতিলের দাবি তোলা চারটি পৌরসভায় জিতেছে বিএনপি: চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোর নির্বাচনের দিন ১৮ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ঢাকায় সংবাদ সম্মেলন করে নোয়াখালী ও চাঁদপুরের ১৮টি পৌরসভার নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছিলেন। এর মধ্যে লক্ষ্মীপুরের রামগতি ও রায়পুর, চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া পৌরসভায় বিএনপি জিতেছে। ফেনীর সোনাগাজী পৌরসভায় ফল স্থগিত আছে। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন।এম কে আনোয়ার গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কথা হচ্ছে, নির্বাচনে কারচুপি করেও যদি তারা (আ.লীগ) জিততে না পারে, তাহলে কারচুপি হয়নি তা তো বলা যাবে না। আমরা জিতেছি বলেই নির্বাচনে কারচুপি হয়নি—এটা বলার কোনো সুযোগ নেই।’চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও একই চিত্র: গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দিনও বিএনপি তাদের প্রার্থীর এজেন্টদের এমনকি প্রিসাইডিং কর্মকর্তাকে কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ভোট দেওয়াসহ নানা অভিযোগ করেছিল। অথচ বিএনপি-সমর্থিত প্রার্থী মনজুর আলমের বিজয়ের পরদিন দলের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকে সুষ্ঠু অভিহিত করে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।