নির্বাচনের আগে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়ার খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করা হয়েছে। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসলামপন্থী রাজনীতিকের বিরুদ্ধে রায় ঘোষণার পর সহিংসতার আবর্তে পড়েছে বাংলাদেশ।দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সারির একজন ইসলামপন্থী রাজনীতিকের বিরুদ্ধে গত সোমবার ‘বিতর্কিত’ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। সহিংসতা মোকাবিলার জন্য কর্তৃপক্ষ নিজেদের প্রস্তুত রেখেছে। প্রতিবেদনে লেখা হয়, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের আগে বিবদমান রাজনৈতিক দলগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজপথে ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ইসলামি নেতা গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তিনি বয়সে বৃদ্ধ হলেও এখনো বেশ প্রভাবশালী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। লেখা হয়, রায় ঘোষণার পর গোলাম আযমের সমর্থক ও বিরোধীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিরোধীরা এ রায়কে ‘দুর্বল’ মনে করলেও তাঁর সমর্থকেরা রায়কে ‘কঠোর’ বলে মনে করছেন।ওয়াশিংটন পোস্ট-এ বলা হয়েছে, গত সোমবার বিশেষ ট্রাইবুন্যালের দেওয়া এ রায়ে গোলাম আযমের সমর্থকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এ বিচার করা হচ্ছে। তবে বিরোধীরা বলছেন, গোলাম আযমের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।পাকিস্তানের দ্য নেশন-এ বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সাবেক নেতার বিরুদ্ধে বাংলাদেশের ট্রাইব্যুনালের দেওয়া রায়কে ‘ইসলামবিরোধী ও মুসলিমবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন জামাত-ই-ইসলামি (জেআই) করাচির প্রধান হুসেইন মেহানতি। গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে গত সোমবার করাচি প্রেসক্লাবের সামনে জেআই শ্রমিক ও সমর্থকদের এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় গোলাম আযমের রায়ের নিন্দা করা হয় এবং বংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।যুক্তরাজ্যভিত্তিক অন্যতম শীর্ষ পত্রিকা দ্য টেলিগ্রাফ-এ গোলাম আযমকে উল্লেখ করা হয়েছে ইসলামি নেতা হিসেবে। দেশজুড়ে রায়-পরবর্তী সহিংসতার কথা জোর দিয়ে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। লেখা হয়েছে, ‘বাংলাদেশের প্রধান ইসলামি দল জামায়াতে ইসলামীর ডাকা দিনব্যাপী হরতালে বেশির ভাগ দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। দলের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ বন্দরনগর চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বাগেরহাট, বরিশালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।’