নির্বাচনের আগেই বিএনপির নিশ্চিত বিজয়ের দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে দলের বিজয় নিশ্চিত দাবি করে জেলা বিএনপির নেতারা বলেছেন, সরকার প্রশাসনকে ব্যবহার করে জোর করে জয়ী হতে চাইছে। সংগঠনের জেলা সভাপতি হারুন আল রশিদ আজ সোমবার দুপুরে তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। হারুন আল রশিদ বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি দুই কমিশনারকে বারবার এখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করছি। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাই এখানে যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং সরকারের মন্ত্রী-সাংসদেরা যেন প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য আবারও প্রধান নির্বাচন কমিশনারের সরাসরি তত্ত্বাবধান দাবি করছি। যদি উপনির্বাচনে হেরে যাই, তাহলে বুঝতে হবে প্রশাসন ও আওয়ামী লীগের প্রার্থী ক্ষমতার অপব্যবহার করে আমাদের হারিয়ে দিয়েছেন।’ নির্বাচনের তিন দিন আগেই আপনারা বিজয় সম্পর্কে নিশ্চিত হলেন কীভাবে?—জানতে চাইলে হারুন আল রশিদ প্রথম আলোকে বলেন, ‘চারদিকে এখন ধানের শীষের জোয়ার। মাঠ পর্যায়ের জরিপ থেকে আমরা এ তথ্য পেয়েছি।’নির্বাচিত হলে সংসদে যাবেন কি না, জানতে চাইলে এ আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব প্রথম আলোকে বলেন, ‘অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই আমরা সংসদে যাব।’সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনসহ বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।