আ.লীগের ১৯তম জাতীয় সম্মেলন: শেখ হাসিনা সভাপতি, সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত
নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়
আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সম্মেলনে সর্বসম্মতভাবে সপ্তমবারের মতো শেখ হাসিনা সভাপতি ও দ্বিতীয়বারের মতো সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।নতুন নেতৃত্ব আওয়ামী লীগকে একটি অগ্রসরমাণ দল হিসেবে এগিয়ে নিয়ে আবারও ক্ষমতায় নিতে সক্ষম হবে বলে তৃণমূল নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন। কাউন্সিলরদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। বিরাট চ্যালেঞ্জ। দুই মাসের মধ্যে জেলা ও উপজেলার সম্মেলন শেষ করতে হবে। তা না হলে কমিটি ভেঙে দেওয়া হবে।গতকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল প্যান্ডেলে সারা দেশ থেকে আসা কাউন্সিলর, ডেলিগেটসহ হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সৈয়দ আশরাফুল ইসলাম এবং ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উত্তোলন করেন দলীয় পতাকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে সম্মেলনস্থল মুখরিত ছিল সারা দিন। নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং নির্বাচনী আমেজ লক্ষ করা গেছে। মঞ্চে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছিল। দলীয় ও দেশাত্মবোধক সংগীত, পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত এবং শোক প্রস্তাব উত্থাপনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ১৪ দলের শরিক ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধি ছিলেন না। তবে জাতীয় পার্টি গতকাল দুপুর ১২টায় আমন্ত্রণপত্র পাওয়ায় যোগ দেয়নি। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শেখ হাসিনার কাছে চিঠি লিখে সম্মেলনের সাফল্য কামনা করেছেন। সম্মেলনে কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্বাচন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কাউন্সিলররা পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষমতা অর্পণ করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ওপর। জবাবে শেখ হাসিনা কাউন্সিলরদের বলেন, ‘সৈয়দ আশরাফ ও মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করব।’ সম্মেলনে দলের গঠনতন্ত্রের সংশোধনী ও ঘোষণাপত্র অনুমোদিত হয়। ঘোষণাপত্রে পরিবর্তন এলেও গঠনতন্ত্রে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। কমিটি আগের মতোই ৭৩ সদস্যবিশিষ্ট থাকছে। এ ছাড়া তিন বছরের জন্য দলের বাজেট অনুমোদন করা হয়।নতুন নেতৃত্বের কাছে তৃণমূলের প্রত্যাশা: আওয়ামী লীগের সম্মেলনে আগামী জাতীয় নির্বাচন নিয়েই বেশি আলোচনা ছিল। তৃণমূল থেকে কেন্দ্র—সবাই নির্বাচনী প্রস্তুতি হিসেবে দলকে আরও সংগঠিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। আইনি বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন মাথায় রেখেই এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে।দলকে গতিশীল করার জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনে আরও সক্রিয় হওয়া ও সময় দেওয়ার দাবি করা হয়েছে সম্মেলনে। তা ছাড়া স্থানীয় সাংসদ ও জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের দূরত্ব কমাতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়। বিভিন্ন স্থানে সংগঠনের বিভেদ নিরসনের উদ্যোগ নেওয়ারও দাবি ওঠে তৃণমূল থেকে।নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান কাউন্সিলে বলেন, নেতার সঙ্গে দলের এবং সাংসদের সঙ্গে নেতা-কর্মীদের যোগাযোগ-বিচ্ছিন্নতা আছে। তিনি দলীয় সভানেত্রীর উদ্দেশে বলেন, ‘জনগণ আমাদের পক্ষে। দলে বিভেদ থাকলেও দ্বন্দ্ব নেই। আপনি সপ্তাহে পাঁচ দিন প্রধানমন্ত্রী ও দুই দিন সভানেত্রী থাকেন।’ শরীয়তপুরের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ‘জেলা পরিষদের প্রশাসকেরা যদি আমাদের খোঁজখবর নেন, তাহলে ভালো হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদেরও আমাদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। সবার মধ্যে সমন্বয় থাকলে সংগঠন শক্তিশালী হবে। তাহলে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারব।’ফেনী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান বলেন, ‘ফেনীতে একটা দুর্যোগ ছিল। আমরা সেই দুর্যোগ মোকাবিলা করেছি।’ তিনি বলেন, সংগঠন গতিশীল করতে হবে। নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব ঘোচাতে হবে।নীলফামারী জেলা থেকে আসা কাউন্সিলর আব্বাস আলী প্রথম আলোকে বলেন, ‘বর্তমান নেতৃত্বে আমি সন্তুষ্ট। তবে আগের কমিটির সময় সাংগঠনিক সফর কম হয়েছে। কিছুটা ত্রুটি-বিচ্যুতি ছিল। আশা করি, নতুন কমিটি তা কাটিয়ে আগামী নির্বাচনে দলকে আবারও সাফল্যের পথে নিয়ে যাবে।’ একই জেলার অপর কাউন্সিলর সান্ত্বনা চক্রবর্তী বলেন, প্রত্যাশা অনুযায়ী কমিটি হয়েছে। তবে শীর্ষ নেতৃত্ব আরও সময় দিলে দলাদলি কমবে। দেবীগঞ্জের সভাপতি আ স ম নূরুজ্জামান বলেন, কমিটি ভালো হয়েছে। সামনে নির্বাচন। নেতৃত্বে পরিবর্তন এলে দ্বন্দ্ব থাকত। কুষ্টিয়ার সহসভাপতি আনোয়ার আলী বলেন, ‘আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ভালো কাজ করেছেন। তাঁরা দলকে ক্ষমতায় নিয়ে গেছেন। নতুন কমিটির কাছেও দলকে আবার ক্ষমতায় নেওয়ার প্রত্যাশা আমাদের।’ ভেড়ামারার সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘আগের কমিটি ভালো কাজ করেছে বলেই তাঁদের আবারও আমরা বহাল করেছি।’যেভাবে নেতা-নির্বাচন হলো: বেলা সাড়ে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নেতৃত্ব নির্বাচন-পর্ব অনুষ্ঠিত হয়। এ অধিবেশন শুধু কাউন্সিলরদের জন্য নির্ধারিত ছিল। সাত বিভাগীয় প্রতিনিধির বক্তব্য শেষে শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অন্যান্য নেতাসহ মঞ্চ থেকে নেমে কাউন্সিলরদের সারিতে আসন নেন। এর আগে বক্তৃতায় তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, আগামীতে আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারি না। কেয়ারটেকারের নাম করে ক্ষমতায় এসে তারা নিজেদের টেক কেয়ার করবে, রাজনীতির এই দুর্বৃত্তায়ন জনগণ চায় না।’এরপর নির্বাচন কমিশনের চেয়ারম্যান রহমত আলী এবং দুই সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও আ ক ম মোজাম্মেল হক মঞ্চে আসন নেন। রহমত আলী সভাপতি পদে প্রার্থিতা আহ্বান করলে সব কাউন্সিলর ‘শেখ হাসিনা’ ‘শেখ হাসিনা’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় শেখ ফজলুল করিম সেলিম মঞ্চে গিয়ে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। সৈয়দ আশরাফুল ইসলাম তা সমর্থন করেন। এ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিপুল করতালির মাধ্যমে শেখ হাসিনাকে নির্বাচিত ঘোষণা দেওয়া হয়।এরপর মাহবুব উল আলম হানিফ সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলামের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাব সমর্থন করেন জাহাঙ্গীর কবির নানক। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ পদে অন্য কোনো প্রার্থী আছেন কি না, তিনবার তা জানতে চান। কিন্তু অন্য কোনো প্রার্থী না থাকায় বিপুল করতালির মাধ্যমে সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা দেওয়া হয়।নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তখন মঞ্চে আসন নেন। তাঁরা মঞ্চে ওঠার পর দলের দুই প্রধান নেতাকে অভিনন্দন জানিয়ে সমবেত কাউন্সিলররা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা। তাঁদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।এর আগে ২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের ১৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।