নির্বাচনের জন্য প্রয়োজন প্রভাবমুক্ত প্রশাসন : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, বর্তমান সরকারের সময় স্থানীয় সরকার পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে হাতেগোনা কয়েকজন ডিসি, এসপি ছাড়া সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। তবে ইউএনও ও ওসি পর্যায় থেকে অভিযোগ এসেছে। কিন্তু এঁদের বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব নয়। প্রশাসনের লোক দিয়েই কাজ করতে হবে। প্রশাসনে যাঁরা কাজ করবে, তাঁদের দলীয় প্রভাবমুক্ত হতে হবে। তা না হলে ভালো নির্বাচন করা কঠিন। ‘নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা’ শীর্ষক আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুজন আয়োজিত ওই অনুষ্ঠানে সিইসি বলেন, গত সাড়ে চার বছরে নির্বাচন কমিশন (ইসি) যথেষ্ট শক্তিশালী হয়েছে। ৫৬২টি উপজেলায় সার্ভার স্টেশন হয়েছে। আগামী পাঁচ বছরে কী কী কাজ হবে, সেটাও কমিশন ঠিক করেছে। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে সিইসি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের কোনো মতামত দেয়নি। আমার মনে হয় তারা আবারও আমাদের সঙ্গে বসবে, মতামত দেবে।’ সংস্কার প্রস্তাবের ওপর কমিশনে যেসব প্রস্তাব এসেছে সেগুলো রেখে যাওয়া হবে। পরের কমিশন এসে সেগুলো নিয়ে কাজ করবে। আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে সাংবিধানিক পদে অধিষ্ঠিতদের নিয়ে যে সার্চ কমিটি গঠনের প্রস্তাব নির্বাচন কমিশন করেছে, তা যুক্তিযুক্ত হবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, সাংবিধানিক পদে এখন যাঁরা আছেন, তাঁরা সরকারি দলের লোক। আর তাঁদের প্রস্তাবিত ব্যক্তিকে মেনে নেবে না বিএনপি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, সরকারের সদিচ্ছা ছাড়া ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনে সরকারকে সদিচ্ছার প্রমাণ দিতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিবি নেতা রুহিন হোসেন, ডেমোক্রেসি ওয়াচের তালেয়া রেহমান, জাসদের একাংশের নেতা আ স ম রব, বিচারপতি এবাদুল হক, সাংবাদিক আবুল মকসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম হাফিজউদ্দিন খান। মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।