নির্বাচনের দিন বন্দী থাকবেন মোশাররফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ঘটনায় করা মামলায় দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ কারণে দেশের সাধারণ নির্বাচনের দিনও তিনি বন্দী থাকবেন।ডন অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ২০০৭ সালে বিচারকদের গৃহবন্দী করার ঘটনায় করা মামলায় মোশাররফের বিচারিক হেফাজতে থাকার মেয়াদ ৪ মে শেষ হবে। ওই মেয়াদ শেষ হওয়ার আগেই বেনজির ভুট্টো হত্যার ঘটনায় করা মামলায় তাঁকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত। এতে আগামী ১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন তাঁকে গৃহবন্দীই থাকতে হবে।নির্বাচনে অংশ নিতে গত মাসে দেশে ফেরেন মোশাররফ। চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। সব কটি মনোনয়নপত্র বাতিল করে দেশটির নির্বাচন কমিশন। ২০০৭ সালে ক্ষমতায় থাকা অবস্থায় বিচারকদের গৃহবন্দী করার মামলায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। মোশাররফের খামারবাড়িকে উপকারাগার ঘোষণা করে সেখানে তাঁকে রাখা হয়েছে।