নির্বাচনের পর সরে দাঁড়ানোর ঘোষণা মোবারকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক আগামী সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে তিনি এ কথা জানান।এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিসরের ক্ষমতায় এখনই পরিবর্তন আনতে হবে এবং যুক্তরাষ্ট্র এ পরিবর্তন-প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।হোসনি মোবারক জানান, ওই নির্বাচন শেষে তিনি তাঁর উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হলো শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। আমাদেরকে সহিংসতা ও স্থিতিশীলতার মধ্যে কোনো একটা বেছে নিতে হবে।’মোবারক মিসরের জনগণের উদ্দেশে বলেন, ‘আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই।’ তিনি তাঁর বিবৃতিতে দেশটির সাংবিধানিক সংস্কারের ব্যাপারেও প্রতিশ্রুতি দেন। তবে মোবারক তাঁর বিবৃতিতে বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত ক্ষমতায় থাকা এবং কোনোক্রমেই দেশ ত্যাগ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এটা আমার দেশ। এখানেই আমি বাস করি। আমি এ ভূমির সার্বভৌমত্ব ও স্বার্থের জন্যই লড়াই করেছি এবং তা রক্ষা করেছি। আমি এ দেশেই মরব।’ দেশটির বিরোধী দলীয় নেতা মোহাম্মদ এল বারাদি প্রেসিডেন্ট হোসনি মোবারকের এ বিবৃতিকে নাকচ করে দিয়েছেন। তিনি এটাকে ক্ষমতা ধরে রাখার একটি ‘চাল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মোবারকের দ্রুত পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।মার্কিন বিশেষ দূত ফ্রাঙ্ক উইজনারের সঙ্গে বিশেষ সভা শেষে গতকাল মোবারক রাষ্ট্রীয় টেলিভিশনে ওই বিবৃতি দেন। উইজনার প্রেসিডেন্ট হোসনি মোবারককে তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। বিবিসি।