নির্বাচনের পরের দিন তৈমুরের গণসংযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার কথা থাকলেও দলের চাপে নির্বাচন বর্জন করতে হয় বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারকে। বিআরটিসিসহ সরকারি বিভিন্ন পদে থাকলেও কখনো জনপ্রতিনিধি হতে পারেননি তিনি। এ কারণে এবার তিনি মেয়র পদে অংশ নিয়ে বিজয়ী হওয়ার আশা করেছিলেন। নির্বাচনের পরের দিন আজ সোমবার শহরের মাসদাইরের বাসা থেকে বেরে হয়ে এলাকায় জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন জেলা ও শহর বিএনপির নেতা-কর্মীরা।আজ এভাবে জনসংযোগের কারণ জানতে চাইলে তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। কিন্তু দলের কারণে আমার এবার নির্বাচন করা হলো না। ভবিষ্যতে আবার আমি নির্বাচন করলে জনগণকে আমার পাশে পেতে চাই। তাই আমি তাদের সঙ্গে কথা বলতে এসেছি।’শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, ‘নেতা-কর্মীদের চাপ ছিল তৈমুর আলম তাদের সঙ্গে কথা বলুক। মূলত সে কারণেই তিনি বের হয়েছেন। আর নির্বাচনের পরের দিন জনগণ যেভাবে আমাদের স্বাগত জানাল, তাতে আমরা খুশি।’নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তিনি (আনারস) পেয়েছেন সাত হাজার ৬১৬ ভোট।