আগামী ফেব্রুয়ারিতে সরকারের ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সরকারি দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছে।এরই মধ্যে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী খোঁজাও শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজনকে ডেকে এ নিয়ে কথাবার্তা বলেছেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।অপরদিকে ডিসিসিকে দুই ভাগ করার বিরুদ্ধে প্রতিবাদ ও জনমত গড়ে তুলতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।প্রধান বিরোধী দল বিএনপি মনে করে, একক সিটি করপোরেশন থাকলে নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকে এবং দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়ে সময় পার করতে ডিসিসিকে দুই ভাগ করার উদ্যোগ নিয়েছে সরকার। তাই সম্ভাব্য নির্বাচনে অংশ নেওয়ার কথা এখনো ভাবছে না বিএনপি।বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মেয়র সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, ‘সরকার যেখানে বিষয়টি নিয়েছে, তাতে নির্বাচন অনুষ্ঠান সুদূরপ্রসারী বিষয়। তাই নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়ার বিষয়টি আসছে না। বিএনপি আপাতত আইনের সংশোধনীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে একটি নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। গত বুধবার বিলটি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। চলতি অধিবেশনেই বিলটি পাস হবে বলে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।গতকাল এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকার ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনের ব্যবস্থা করবে। আগামী ফেব্রুয়ারিতেই এ নির্বাচন হবে। তাঁর দাবি, সিটি করপোরেশনকে ভাগ করার অর্থ রাজধানী ঢাকাকে ভাগ করা নয়। কেউ কেউ বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্থানীয় সরকারবিষয়ক গবেষক হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হচ্ছে, ঢাকাকে বিভক্তির বিষয়টি ধোঁয়াটে এবং স্বল্পমেয়াদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। এতে জনচাহিদার প্রতিফলন মোটেও আসেনি। আইনগুলোতেও ঘাটতি আছে।’ তাঁর মতে, পৃথিবীর বড় বড় শহরের দিকে তাকালে এ সিদ্ধান্তকে তুঘলকি মনে হবে। যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হয়, ঢাকাকে আন্তর্জাতিক নগর করতে হয়, তাহলে এ পদক্ষেপটা সুবিবেচনাপ্রসূত হয়নি। এর সার্বিক উদ্দেশ্যটাই প্রশ্নবিদ্ধ।রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগ: সরকারি দায়িত্বশীল একটি সূত্র জানায়, সংসদে বিল পাস হওয়ার পর ডিসিসি উত্তর ও দক্ষিণে রাজনৈতিকভাবে পছন্দের দুজন প্রশাসক নিয়োগ করা হবে। এ কারণে আইনটি সংশোধন করে একটি ধারায় ‘একজন উপযুক্ত ব্যক্তি বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে’ প্রশাসক নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে।বিদ্যমান আইনে কেবল ‘একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে’ প্রশাসক করার বিধান আছে।রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের পক্ষে যুক্তি দেখিয়ে সরকারের একজন নীতিনির্ধারক বলেন, প্রশাসক রাজনীতিবিদ হলে জনগণের সঙ্গে সম্পর্ক থাকবে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়ক হবে। তবে প্রশাসক কে হবেন, তা এখনো সরকার ঠিক করেনি।নতুন যে আইনটি করা হচ্ছে, তাতে প্রশাসকের মেয়াদকাল সম্পর্কে কিছু বলা নেই।বিএনপির নেতাদের অভিযোগ, পছন্দের ব্যক্তিদের প্রশাসক নিয়োগ ও অনির্দিষ্টকালের জন্য রাখার উদ্দেশ্যে এমন আইন করা হচ্ছে। তাঁদের দাবি, সরকারদলীয় লোককে প্রশাসক নিয়োগ দিয়ে তাঁকে জনপ্রিয় করার চেষ্টা করা হবে, যেন তাঁকে পরে নির্বাচনে প্রার্থী করা হয়। আর এতে সফল না হলে নির্বাচন না করে বাকি মেয়াদ কাটিয়ে দিতে চায়।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি প্রথম আলোকে বলেন, আগামী রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে প্রশাসকের মেয়াদকাল অন্তর্ভুক্ত করা হবে। প্রশাসকের মেয়াদ ৯০ দিন অথবা ১২০ দিন করা হতে পারে।আওয়ামী লীগে ভালো প্রার্থীর সংকট: দলীয় একাধিক সূত্র জানায়, ডিসিসি উত্তর ও দক্ষিণের নির্বাচন করার ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত থাকলেও দুই মেয়র পদে আওয়ামী লীগের ভালো প্রার্থীর সংকট আছে। সাংসদদের প্রার্থী হতে আইনি বাধা থাকায় অন্য যাঁদের নাম মেয়র প্রার্থী হিসেবে কথাবার্তা হচ্ছে, তাঁদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন বলে মনে করছেন দলীয় নীতিনির্ধারকেরা। এ রকম পরিস্থিতিতে দলের সর্বোচ্চ পর্যায় থেকে রাজধানী ঢাকার জন্য যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির মেয়র প্রার্থী খোঁজা হচ্ছে।সূত্র জানায়, ঢাকা দক্ষিণের জন্য স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসেবে সাবের হোসেন চৌধুরীর নাম সরকারের নীতিনির্ধারকদের বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার সাবের হোসেন চৌধুরীকে ডেকে নিয়ে এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু মেয়র পদে প্রার্থী হতে হলে তাঁকে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে। এ অবস্থায় ওই আসনের উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতার জন্য সরকারি দলের কাছে ভালো কোনো প্রার্থী নেই। এ বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আগ্রহী প্রার্থীদের প্রচারণা: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে এরই মধ্যে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহী আওয়ামী লীগের নেতারা সক্রিয় হয়েছেন। তাঁরা ডিসিসি ভাগের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এবং নানা অজুহাতে নগরের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও তোরণ দিয়ে আগাম প্রচারণায় নেমেছেন।অনেকেই এলাকাবাসীর পক্ষ হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্টার সেঁটেছেন। এ ধরনের তোরণ ও বেশ কিছু পোস্টার শোভা পাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়ও। দলীয় লোকজন বলেছেন, সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিতে এসব পোস্টার ও তোরণ করা হয়েছে।দলীয় সূত্রগুলো জানায়, ডিসিসি উত্তরের জন্য মেয়র পদে দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী অন্যতম। সাংসদ কামাল আহমেদ মজুমদারের নামও আলোচনায় আছে।নগর ঘুরে বিভিন্ন এলাকায় মোফাজ্জল হোসেন চৌধুরী ও কামাল মজুমদারের নানা পোস্টার দেখা গেছে। তাঁদের পোস্টারে লেখা রয়েছে, ‘নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করায় ঢাকা উত্তরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।’আগাম প্রচারণা সম্পর্কে মোফাজ্জল হোসেন চৌধুরীর দাবি, ‘শুভাকাঙ্ক্ষীরা করলে মানা তো করতে পারি না।’ তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান।ঢাকা উত্তর না দক্ষিণ, কোন এলাকা থেকে নির্বাচন করার মনস্থির করেছেন, এ প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুতরাং আমার জন্য উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবই সমান।’কামাল মজুমদার প্রথম আলোকে বলেছেন, তিনি মেয়র নির্বাচনে প্রার্থী হবেন না।ডিসিসি দক্ষিণের মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাঈদ খোকন ও হাজি সেলিমের নাম শোনা যাচ্ছে।তাঁদের মধ্যে আগাম প্রচারে নেমে গেছেন মরহুম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। তিনি বলেন, ‘বিভিন্ন এলাকার শুভাকাঙ্ক্ষীরা পোস্টার করছেন। বলতে পারেন, জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই আগাম প্রচার।’ খোকন ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিয়েছেন বলেও জানান।বিভক্তির বিরুদ্ধে বিএনপি: ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করার বিরুদ্ধে মাঠে নামার কথা ভাবছে বিএনপি।বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, ঢাকাকে ভাগ করা হলে মানুষের সমস্যা আরও বাড়বে। এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করা ও প্রতিরোধ গড়ে তোলা হবে।দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে জিততে পারবে না জেনে এমনটা করেছে। জনগণের কথা তারা ভাবেনি। পুরো আইনটির সংশোধন হয়েছে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে। তিনি বলেন, প্রথম থেকেই বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করা হবে।বিভক্ত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘এটা এখন আর মুখ্য বিষয় নয়। সময় হলে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত জনভোগান্তির বিষয়টির প্রতিবাদ করছে বিএনপি।’মেয়র পদপ্রার্থী হতে আগ্রহী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু বলেন, ডিসিসি বিভক্তির কারণে জটিলতা বাড়বে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেবে।