নির্বাচনের প্রস্তুতির কাজে পিছিয়ে আছে কমিশন
জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রস্তুতিমূলক কাজ করার কথা, সময়ের বিবেচনায় তাতে পিছিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নিজেদের করা কর্মপরিকল্পনা অনুযায়ী তারা নির্বাচনী আইন সংশোধন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও ভোটার তালিকা ছাপার কাজ যথাসময়ে শেষ করতে পারেনি।এসব কাজ যথাসময়ে শেষ না হওয়ায় সম্পূরক কাজ হিসেবে নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন পরিচালনাবিধি সংশোধনের কাজ থেমে আছে। একই কারণে থেমে আছে নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন ফরম ও নির্বাচন পরিচালনা নির্দেশিকাসহ বিভিন্ন উপকরণ ছাপার কাজ। মুদ্রিত ভোটার তালিকা না থাকায় চূড়ান্ত করা যাচ্ছে না সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও।কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে সব ধরনের ছাপার কাজ একসঙ্গে করতে গেলে কমিশন সচিবালয় ও ছাপাখানার ওপর বাড়তি চাপ পড়বে। আর ছাপার কাজ যথাসময়ে শেষ না হলে এবং তফসিল ঘোষণার আগে-পরে সময়মতো সব উপকরণ জেলা ও উপজেলায় পাঠাতে না পারলে মাঠপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হতে পারে। এতে সার্বিক নির্বাচন-প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে।কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ নিয়ে এখন পর্যন্ত কমিশনের কোনো বৈঠক হয়নি। তবে কমিশন সচিবালয় সংবিধানের আলোকে নভেম্বরের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের সময় ধরে কাজ করে যাচ্ছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এর মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৪ জানুয়ারি। এই হিসাবে ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংসদ আগাম ভেঙে দিলে ভেঙে যাওয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।দেড় বছরেও আইন সংস্কার হয়নি: দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার বেশির ভাগেরই বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাচন কমিশন পিছিয়ে আছে। বর্তমান কমিশন দায়িত্ব নেয় ২০১২ সালের ফেব্রুয়ারিতে। তার পর থেকেই তারা নির্বাচনী আইন সংস্কারের কাজ করে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিলেও সে প্রস্তাব দেড় বছরে চূড়ান্ত করতে পারেনি।কর্মপরিকল্পনা অনুযায়ী, নির্বাচনী আইন সংস্কারের ব্যাপারে ২০১২ সালের অক্টোবরে রাজনৈতিক দল, গণমাধ্যম ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো আলোচনা ছাড়াই কমিশন একক সিদ্ধান্তে আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়। আরপিও ও অন্যান্য আইন এবং আইনসংশ্লিষ্ট সব বিধি সংশোধনের প্রস্তাব জানুয়ারির মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানোর এবং মার্চের মধ্যে সে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এই সংস্কার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জুলাইতে। তাতেও কাজ শেষ হয়নি। প্রার্থিতা বাতিলের ক্ষমতা (আরপিওর ৯১-ই ধারা) বহাল থাকবে কি থাকবে না, তা নিয়ে এক মাস ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছে কমিশন।প্রস্তাবিত এই আইন আদৌ পাস হবে কি না, তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কমিশন যে পরিমাণ সংশোধনের প্রস্তাব করেছে, তা যাচাই-বাছাই করে সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা কঠিন হবে। তা ছাড়া আদৌ আইন সংশোধন হবে কি না, সে বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।বিধি সংশোধনের কাজ থেমে আছে: কমিশন সচিবালয় সূত্র জানায়, আইন সংশোধন করা হলে তার আলোকে আচরণবিধি ও নির্বাচন পরিচালনাবিধি সংশোধন করতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পদমর্যাদা কী হবে, তাদের সুযোগ-সুবিধা বহাল থাকবে কি থাকবে না, সে বিষয়ে বিদ্যমান আচরণবিধিতে কিছু বলা নেই। এসবের সুরাহা হলে তারপর আইন ও বিধির আলোকে মনোনয়নপত্র, ব্যালট পেপারসহ বিভিন্ন ফরম এবং নির্বাচন পরিচালনা ম্যানুয়াল (নির্দেশিকা) ছাপাতে হবে।কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, নির্বাচনের সাত-আট মাস আগে থেকেই ধাপে ধাপে এসব ছাপার কাজ শেষ করতে হয়। এ জন্য সরকারি ছাপাখানাকে আগে থেকেই কাজের পরিমাণ সম্পর্কে ধারণা দিতে হয়। কিন্তু আইন সংশোধনের অপেক্ষায় থাকায় ছাপার কাজ শুরু করা যাচ্ছে না। কর্মপরিকল্পনা অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ফরম ও প্যাকেট মুদ্রণের জন্য মুদ্রণ অধিদপ্তরের সঙ্গে সভা হওয়ার কথা ছিল এপ্রিলে। সেই সভা এখনো হয়নি। অথচ ফরম ও প্যাকেট মুদ্রণের কাজ জুলাইয়ের মধ্যে শেষ করে অক্টোবরের মধ্যে তা মাঠপর্যায়ে পাঠানোর কথা রয়েছে।এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, কমিশন নির্বাচন করার জন্য কতটা প্রস্তুত, সেটা স্পষ্ট নয়। সিদ্ধান্তহীনতার কারণে তারা বেশির ভাগ কাজে পিছিয়ে পড়েছে। আরপিও সংশোধনের কাজ অনেক আগেই শেষ করা উচিত ছিল। তাতে পরের কাজগুলো সহজে করা যেত। তিনি বলেন, এখন সংসদের আগামী অধিবেশনে আইন পাস হলেও পরের কাজগুলো করতে কমিশনকে বেগ পেতে হবে। আর যদি অধ্যাদেশ আকারে আইন হয়, তাতে সমস্যা আরও বাড়বে।নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, আরপিও সংশোধনের চেষ্টার কারণে কিছু কাজে কমিশন পিছিয়ে আছে। তবে সেটা বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করবে না। সংসদে আগামী অধিবেশনে আইন পাস না হলে কমিশন বিদ্যমান আইনে নির্বাচন করবে। সে অনুযায়ী দ্রুত অন্যান্য কাজ শেষ করা হবে।জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা মুদ্রণ করে মাঠপর্যায়ে পাঠানো এবং আগস্টের মধ্যে প্রার্থীদের জন্য নির্বাচনী এলাকাভিত্তিক ছবি ছাড়া ভোটার তালিকা মাঠপর্যায়ে পাঠানোর কথা থাকলেও তা এখনো হয়নি। যে কারণে ভোটার সংখ্যার অনুপাতে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা ও সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ করার কথা ছিল ডিসেম্বরের মধ্যে। সেই কাজটি শেষ হয়েছে জুলাইয়ে। তবে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালির কলম, স্ট্যাম্প প্যাড, সিলগালা ইত্যাদি সংগ্রহের কাজ যথাসময়ে শেষ হবে বলে কমিশন সচিবালয় সূত্র জানায়।ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। কাজটি কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা নিশ্চিত কিছু জানাতে পারেননি।তফসিল ঘোষণার পরের কাজের কী হবে: নির্বাচনের তফসিল ঘোষণার আগের কোনো কাজই নিজেদের নির্ধারিত সময়ে করতে পারেনি ইসি। ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের পর এক মাসের মধ্যে কেন্দ্রসম্পর্কিত অভিযোগ নিষ্পত্তি করতে হয়। তারপর তফসিল ঘোষণা করার নিয়ম। তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হয়। তফসিল ঘোষণার পর স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের উপযোগী করা, ঋণখেলাপিদের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করা, নির্বাচন পরিচালনার জন্য জনবল নির্ধারণ, নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা, কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করা, ভোটারদের উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা এবং রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার জন্য নীতিমালা চূড়ান্ত করতে হয়। কিন্তু এই বিপুল কাজ কমিশন এখন কীভাবে শেষ করবে, সেই প্রশ্ন থাকছে।