নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে স্যান্ডি
যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় হারিকেন স্যান্ডির আঘাতে নিহত হয়েছে ১৬ জন। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই প্রলয়ংকরী সামুদ্রিক ঝড়ে দুই হাজার কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। হারিকেন স্যান্ডির প্রভাব পড়েছে আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে। নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মুহূর্তে আঘাত হানা এই ঝড়ের কারণে মুখ থুবড়ে পড়েছে বারাক ওবামা ও মিট রমনির চূড়ান্ত প্রচারণা। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের এই দৌড়কে আগে থেকেই বিবেচনা করা হচ্ছিল খুব উত্তেজনাপূর্ণ ও অননুমেয় ব্যাপার হিসেবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া হবে আসছে নভেম্বর মাসের ৬ তারিখে। নির্বাচনের আগে শেষ ছয়টি দিন ওবামা ও রমনির তত্পর থাকার কথা ছিল চূড়ান্ত পর্যায়ের প্রচারণা নিয়ে। কিন্তু হারিকেন স্যান্ডির প্রলয়ংকরী প্রভাবে সেসব ভুলে এখন দুর্যোগ মোকাবিলা নিয়েই মাথা ঘামাতে হচ্ছে প্রেসিডেন্ট পদের দুই প্রার্থীকে। এ পরিস্থিতিতে দুজনই প্রতিশ্রুতি দিয়েছেন রাজনীতি দূরে সরিয়ে রেখে দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে কাজ করার। কিন্তু এ অবস্থায় হারিকেন স্যান্ডি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলিজার বলেছেন, ‘এটা পুরোপুরিই একটা অননুমেয় পরিস্থিতি। এটা দুই প্রার্থীর জন্যই ঝুঁকি ও আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে, যে কারণে এ মুহূর্তে দুই দলের রাজনৈতিক পরামর্শকেরা ভীষণ ভয়ের মধ্যে রয়েছেন।’হারিকেন স্যান্ডির তাণ্ডব বর্তমান প্রেসিডেন্ট ওবামাকে দিয়েছে শেষ মুহূর্তে তাঁর সরকারের কার্যকারিতা প্রমাণ করার সুযোগ। আর সেই সুযোগের ফায়দা তুলে তিনি দেখাতে পারেন দুর্যোগ মোকাবিলায় তাঁর সরকারের তত্পরতা, যে বিষয়টা নিয়ে প্রতিদ্বন্দ্বী মিট রমনি প্রায়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন। এ মুহূর্তে ওবামা প্রশাসনের তত্পরতা হয়তো মার্কিন ভোটারদের মনে একটা তাত্ক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ওবামা গত সোমবার ও আজ মঙ্গলবারের নির্বাচনী প্রচারণা স্থগিত করে ফ্লোরিডা থেকে ফিরে গেছেন হোয়াইট হাউসে, দুর্যোগ মোকাবিলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য।অন্যদিকে, মিট রমনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার পরিকল্পনা করলেও গতকাল সোমবার তা পুনর্বিবেচনা করার কথা ভাবতে বাধ্য হয়েছেন। উইসকনসিনে গতকাল রাতে একটি প্রচারণা শোভাযাত্রা হওয়ার কথা ছিল ম্যাসাচুসেটসের সাবেক গভর্নরের নেতৃত্বে। সেটি স্থগিত করা হয়েছে। রমনি এখন মনোযোগ দিচ্ছেন হারিকেনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে অর্থ সংগ্রহের দিকে। এরই মধ্যে প্রেসিডেন্ট ওবামার পাশাপাশি তিনিও যোগ দিয়েছেন রেডক্রসের অনুদান সংগ্রহ প্রকল্পে। হারিকেন স্যান্ডির মুখে পড়া এলাকার মানুষের প্রতি সমবেদনাও জানিয়েছেন রমনি। তবে নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে প্রাকৃতিক এই দুর্যোগের কারণে রমনি অনেকখানিই আলোচনার বাইরে চলে যেতে পারেন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। আবার অন্যদিকে ওবামা প্রশাসন দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে কতটা অদক্ষ, সেই ব্যাপারে টাটকা সমালোচনা করার সুযোগও থাকছে রমনির জন্য।তবে এ মুহূর্তে সবকিছুর বাইরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগটি মোকাবিলার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মিট রমনি ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী কয়েক দিনে রমনি হয়তো পরিদর্শন করতে পারেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ত্রাণবিতরণ কেন্দ্রগুলো। রমনির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ানও একই ইঙ্গিত দিয়েছেন সাংবাদিকদের। ফ্লোরিডায় যে নির্বাচনী প্রচারণার শোভাযাত্রা হওয়ার কথা ছিল, সেটি রূপ নিতে পারে ক্ষয়ক্ষতির শিকার লোকজনকে উদ্ধার ও সাহায্য তত্পরতায়।আর ওবামা শেষ সময়ে তাঁর সরকারের যথার্থতা ও কার্যকারিতা প্রমাণ করতে পারেন ভয়াবহ এই বিপর্যয় ভালোভাবে সামাল দিয়ে। এ মুহূর্তে তিনিও ভাবছেন শুধু দুর্যোগপীড়িত মানুষের কথা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবামা বলেছেন, ‘আমি নির্বাচন নিয়ে এখন কিছুই ভাবছি না। আমি চিন্তিত দুর্যোগপীড়িত পরিবারগুলো নিয়ে।’ রয়টার্স।