নির্বাচনের ১৮ মাস আগেই বাংলাদেশ আন্দোলনে অস্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের ১৮ মাস আগেই বাংলাদেশ অস্থির হয়ে উঠেছে। বিরোধী নেতাদের জেলে পাঠানো হয়েছে। আগামী নির্বাচন নিয়ে রয়েছে সংশয়।যুক্তরাজ্যের প্রভাবশালী সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট আজ শনিবারের সংখ্যায় বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে এসব কথা বলেছে। ‘বাংলাদেশের বিষাক্ত রাজনীতি: হ্যালো দিল্লি’ এবং ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছেন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছেন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ১৮ মাস আগেই বাংলাদেশ আন্দোলনে অস্থির হয়ে উঠেছে। বিরোধীদলীয় নেতাদের জেলে পাঠানো হয়েছে। চলছে হত্যা ও গুম। আগামী নির্বাচন নিয়ে দুই দলের মতবিরোধ এত বেশি যে পর্যবেক্ষকেরা নির্বাচন নিয়ে শঙ্কিত। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম সুপরিচিত ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকা সফরের সময় অধ্যাপক ইউনূসকে সহায়তার বিষয়ে আশ্বস্ত করে গেলেও তিনি পরিত্রাণ পাচ্ছেন না। দুর্নীতির কারণে দাতারা উদ্বিগ্ন। এ কারণে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে। ‘বাংলাদেশের বিষাক্ত রাজনীতি: হ্যালো দিল্লি’ শীর্ষক অন্য প্রতিবেদনটিতে বাংলাদেশের রাজনীতিকে পুতুলনাচের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে বলা হয়, দুই দলের কোন্দল বিশ্বের ‘অন্যতম নিকৃষ্ট সরকারের’ শাসনে থাকা এ দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। প্রতিবেদনটিতে বলা হয়, বিশাল জয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জনগণের এই রায়কে শেখ হাসিনা তাঁর ক্ষমতা সুসংহত করতে এবং ‘প্রকৃত ও কল্পিত’ শত্রুদের হেনস্তা করতে ব্যবহার করেছেন। ২০১৪ সালে অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা না পেলে বিএনপি তা বর্জন করবে। ফলে চরম রাজনৈতিক অচলাবস্থা পর্যন্ত সৃষ্টি হতে পারে। প্রতিবেদনটির শেষাংশে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে চাপের মাধ্যমে ভূমিকা রাখার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে বিশ্বব্যাংকের পদ্মা সেতুর ঋণ বাতিল, ড. ইউনূসের প্রতি ইইউ ও হিলারি ক্লিনটনের সমর্থনের উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার দৃশ্যত এতে গা করছে না। ঢাকার ওপরে একমাত্র যে দেশের ভালো প্রভাব রয়েছে, সেটি হচ্ছে ভারত। জঙ্গিদের দমন করায় দেশটি এত দিন শেখ হাসিনার ‘বাড়াবাড়ি’ সহ্য করেছে। তবে তারা বর্তমানে দৃশ্যত বাংলাদেশের উভয় রাজনৈতিক দলের মধ্যে ভারসাম্য রেখে চলেছে।