নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত ২৭ জন কাউন্সিলরের মধ্যে চারজন একসময়ের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। জমি দখল, খুন, ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি তাঁরা। তাঁরা সিদ্ধিরগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন।পুলিশ সূত্র জানিয়েছে, সন্ত্রাসের অভিযোগ রয়েছে, এমন কাউন্সিলরদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডে নূর হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড থেকে আলী হোসেন আলা নির্বাচিত হন। এঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া শহরের ১২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন শওকত হাশেম ওরফে শকু। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধেও খুন, মারামারি ও ভাঙচুরের মামলা রয়েছে।নবনির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম এলাকায় ‘গুইট্টা নজরুল’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাচেষ্টা, মারামারি ও হুমকির অভিযোগে মামলা আছে। অতীতে তাঁর বিরুদ্ধে চুরি, মারামারি, গুরুতর জখম, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে আরও ১৩টি মামলা ছিল।৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত শাহজালাল বাদলের বিরুদ্ধে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দুটি মামলা আছে। অতীতে ডাকাতি ও খুনের একটি মামলা ছিল। শাহজালাল একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী নূর হোসেনের ভাতিজা। নূর হোসেন ৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগেই এই নূর হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। ২০ মামলার আসামি ও তিন বছরের সাজাপ্রাপ্ত নূর হোসেনের প্রাথমিক মনোনয়নপত্রও বাতিল হয়েছিল। পরে তিনি আপিল করে নির্বাচন করেন। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, নূর হোসেনের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতির তিনটি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা আছে। অতীতে তাঁর বিরুদ্ধে খুন, মারামারি, চুরি, ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা ছিল। ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা ছিল তাঁর বিরুদ্ধে।কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এখন সন্ত্রাসী কাজ করবেন কি না, জানতে চাইলে নূর হোসেন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘বারবার মামলার কথা বলেন কেন? রাজনীতি করলে তো মামলা থাকবেই। হাসিনা, খালেদা, এরশাদ—সবার বিরুদ্ধেই মামলা আছে। আমাদের এলাকার এক নেতার বিরুদ্ধে ৩৬টি মামলা আছে। আমার বিরুদ্ধে তো আর ৩৬টি মামলা হয় নাই।’৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত আলী হোসেন আলা। তাঁর বিরুদ্ধে বর্তমানে সরকারি কাজে বাধাদান ও বিস্ফোরক আইনে একটি মামলা আছে। আগে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং মাদকের একটি মামলা ছিল।এ ধরনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা-পরিস্থিতির কোনো অবনতি ঘটবে কি না, জানতে চাইলে সহকারী পুলিশ সুপার এস এম আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘বাইরে থেকে মনে হয় নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেক খারাপ। আসলে পরিস্থিতি অনেক ভালো। আর আমরা নির্বাচনের আগে থেকেই প্রার্থীদের বলেছি, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এখন নির্বাচিত হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’১২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন শওকত হাসেম ওরফে শকু। বর্তমানে তিনি হত্যার একটি, বিস্ফোরকের একটি, মারামারি ও ভাঙচুরের একটি এবং চুরির অভিযোগে একটি মামলার আসামি। অতীতে ভাঙচুর, চুরি ও মারামারির অভিযোগে পাঁচটি এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে আরও একটি মামলা ছিল। এ ছাড়া অস্ত্র আইনেও একটি মামলা ছিল। সাতটি মামলার মধ্যে রাজনৈতিক বিবেচনায় তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার আসামি কিসমত হাসেমের ছোট ভাই।জানতে চাইলে শওকত হাসেম বলেন, ‘আমার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সবই রাজনৈতিক মামলা। ’৯৬ সালে এগুলো দেওয়া হয়। তবে জনগণ আমাকে অনেক ভালোবাসে। আমি আগে আট বছর কাউন্সিলর ছিলাম। ভবিষ্যতেও আমি মানুষের জন্য কিছু করতে চাই।’২৭ জন নির্বাচিত কাউন্সিলরের মধ্যে ১২ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া বিএনপির আছে পাঁচজন, বাসদ ও জাতীয় পার্টির একজন করে। বাকি আটজন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।সন্ত্রাসের অভিযোগ আছে, এমন কাউন্সিলরদের নির্বাচিত হওয়া সম্পর্কে জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের আমি সম্মান করতে চাই। তবে আমি একটি বার্তা সবাইকে দিতে চাই যে আমি নিজে সন্ত্রাস করি না, কাউকে করতেও দেব না। কেউ কোনো অপকর্মে জড়িয়ে পড়লে পুলিশ ও প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে।’