নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননা আইন ও সুপ্রিম কোর্টের অধস্তন আদালতের বিচারকদের (জুডিশিয়াল সার্ভিসের সদস্য) আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়কে কেন্দ্র করে সরকারের নির্বাহী ও বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে দুই বিভাগের কর্মকর্তারা পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা বলছেন।নির্বাহী বিভাগের (জনপ্রশাসন) কর্মকর্তারা বলছেন, বিচার বিভাগের কিছু ব্যক্তি ও আইনজীবীদের অনীহার কারণে আদালত অবমাননা আইনটি হচ্ছে না। অন্যদিকে বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের কারণেই তাঁদের জন্য করা বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না।এই বিরোধাত্মক পরিস্থিতির মধ্যেই ১ নভেম্বর সুপ্রিম কোর্টের অধস্তন আদালতের বিচারকদের বিশেষ ভাতাসহ কিছু আর্থিক সুবিধা বাড়িয়ে অর্থ মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে। কিন্তু এ ক্ষেত্রে উচ্চ আদালত বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারকে এক মাসের সময় (আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত) দিয়েছেন। এ সম্পর্কে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের অভিমত হচ্ছে, সমমানের সব সরকারি চাকরিজীবীর মধ্যে সামঞ্জস্য না রেখে শুধু অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ালে সরকারের আন্তসমস্যা বাড়বে। এ জন্য তাঁরা চান সব সরকারি চাকরিজীবীর বেতনই বাড়ানো হোক।সংসদীয় কমিটিতেই দেড় বছর: নির্বাহী বিভাগের অনেক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জনপ্রশাসনের কর্মকর্তারা প্রচলিত আইন ও সরকারের নির্বাহী আদেশ মেনে কাজ করলেও সংক্ষুব্ধ অনেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে দায়ী করে আদালত অবমাননার মামলা করেন।আদালত অবমাননা আইন ১৯২৬ অনুযায়ী আইনজীবীদের পারিশ্রমিক, কোর্ট ফিসহ মামলা পরিচালনার সব ব্যয় অভিযুক্ত কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে বহন করতে হয়, যা সরকারি কর্মকর্তাদের জন্য দুরূহ। সরকারি কাজ করতে গিয়ে আদালত অবমাননার মামলায় ভোগান্তির কারণে কর্মকর্তারা দাপ্তরিক কাজ করতে নিরুৎসাহিত বোধ করেন। এ জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের দাবির মুখে তাঁদের জন্য কিছু সুযোগ-সুবিধা রেখে সরকার গত বছরের জুন মাসে প্রস্তাবিত আদালত অবমাননা আইন বিল আকারে সংসদে উত্থাপন করে। এর পর থেকে প্রায় দেড় বছর ধরে বিলটি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতেই পড়ে আছে।এ নিয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। তাঁদের মতে, আইনজীবীদের একটি অংশ ও বিচার বিভাগের কিছু কর্মকর্তার অনীহার কারণেই সরকার আইনটি করতে দেরি করছে। এতে সরকারেরই ক্ষতি হচ্ছে। কারণ কর্মকর্তারা ঝুঁকি নিয়ে এমন কোনো কাজ করতে চাইছেন না, যাতে আদালত অবমাননার দায়ে পড়তে পারেন।আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩৯টি আদালত অবমাননার মামলার বিষয়ে মতামত চাওয়া হয়েছে। এসব মামলা যদি শিক্ষাসচিবকে ব্যক্তিগত খরচে চালাতে হয়, তাহলে উনি কাজ করবেন কেন?গত জুলাই মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে আদালত অবমাননা আইন দ্রুত করার দাবি উঠলে আইনমন্ত্রী শফিক আহমেদ আইনটি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানতে চাইলে আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, বিষয়টি সংসদীয় কমিটিতে আছে। তাঁরা প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, সংসদের চলতি অধিবেশনে পাসের জন্য বিলটি উত্থাপন করা হতে পারে। তার আগে জনপ্রশাসনের কর্মকর্তাদের আদালত অবমাননা মামলা পরিচালনার ব্যয়ের বিষয়টি কীভাবে নিষ্পত্তি হবে, তা ঠিক করা হবে।জনপ্রশাসনের কর্মকর্তারা চান, আদালত অবমাননার মামলা পরিচালনার ব্যয় সরকার বহন করবে। তবে অভিযুক্ত কর্মকর্তা মামলায় হেরে গেলে তাঁর কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। এ ছাড়া তাঁরা ব্যক্তিগত হাজিরার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে চান।তবে সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপিত হলে ওই ব্যক্তি সরকার বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমোদন নিয়ে সরকারি আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন। তবে মামলায় আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হলে মামলার খরচ সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফেরত দিতে হবে।সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদীয় কমিটি বিলটিতে কিছু সংশোধনী আনছে। কমিটির মতে, কর্মকর্তারা ইচ্ছামতো আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করলে সরকারের ব্যয়ে বাড়বে। এ জন্য তাঁদের সুপারিশে বলা হয়েছে, প্রাথমিকভাবে মামলার ব্যয় অভিযুক্ত কর্মকর্তা বহন করবেন। তবে তিনি মামলায় জিতে গেলে সরকার তাঁকে ব্যয় হওয়া টাকা ফেরত দেবে।অধস্তন আদালতের বিচারকদের আর্থিক সুবিধা: মাসদার হোসেন মামলার রায়ের আলোকে সুপ্রিম কোর্টের অধস্তন আদালতের বিচারকদের জন্য গঠিত বেতন কমিশনের সুপারিশ ২০০৯ সালে দেওয়া হয়। এরপর উচ্চ আদালতের কয়েক দফা নির্দেশ সত্ত্বেও এখন পর্যন্ত তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, নির্বাহী বিভাগের কর্মকর্তারাই এটি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন।তবে ১ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে অধস্তন আদালতের বিচারকদের বিশেষ ভাতা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। চৌকি আদালতে (জেলা শহরের বাইরে কোনো স্টেশন) দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জন্য প্রতি মাসে মূল বেতনের ১৫ শতাংশ চৌকি ভাতা দেওয়া হয়েছে। প্রতিবছর পাঁচ হাজার টাকা করে পোশাক ভাতা এবং প্রাধিকারভুক্ত জেলা বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা মাসে ৮০০ টাকা, চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা মাসে ৪৫০ টাকা হারে আপ্যায়ন ভাতা পাবেন। এসব আর্থিক সুবিধা বাড়ানোয় বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৩৪ কোটি ৮২ লাখ ৪৮ হাজার ৮১৪ টাকা।বিষয়টি উচ্চ আদালতকে জানানো হলে আদালত বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারকে আবারও এক মাস সময় দেন, যা আগামী ২ ডিসেম্বর শেষ হবে।এ নিয়েও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের আর্থিক সুবিধাদি বাড়ানোর দাবি উত্থাপনের।