নির্বাহী প্রধান মাহবুবকে প্রশিকার চাবি বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
মিরপুরে বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থাটির নির্বাহী প্রধান মাহবুব-উল-করিমকে বুঝিয়ে দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও মিরপুর অঞ্চলের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাহবুব-উল-করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে চাবি বুঝিয়ে দিতে বলা হয়েছে।একই সঙ্গে চাবি নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও প্রশিকার কাজী ফারুক আহমেদসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়। গত কয়েক দিনে প্রশিকার প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নানা ঘটনা ঘটে। এরপর ১৩ জানুয়ারি প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। তারা সব প্রবেশপথে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে চাবি ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মাহবুব-উল-করিম। তাঁর পক্ষে মামলা পরিচালনা করেন আনিসুল হক ও মনিরুজ্জামান আসাদ। আর কাজী ফারুকের পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ।কাজী ফারুকের পক্ষে কর্মসূচি: এদিকে কাজী ফারুকের পক্ষে ‘বাংলাদেশ তৃণমূল এনজিও সংগঠনসমূহের’ ব্যানারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র রক্ষায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে: ২০ থেকে ২৪ জানুয়ারি তৃণমূল পর্যায়ের এনজিওগুলোর সমর্থনমূলক স্বাক্ষর সংগ্রহ, ২৫ জানুয়ারি দেশব্যাপী মানববন্ধন ও ২৯ জানুয়ারি ঢাকায় সমাবেশ।গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের নেতা হাবিবুর রহমান, এস এম নাজির হোসেন, তরিকুল ইসলাম, কে এম মাকসুদ প্রমুখ।লিখিত বক্তব্যে বলা হয়, কাজী ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের এনজিওগুলোর অধিকার রক্ষায় নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁকে স্তব্ধ করতে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ষড়যন্ত্র করছে। প্রশিকার বিরুদ্ধে এ ষড়যন্ত্র যদি সফল হয়, তাহলে বাংলাদেশে এনজিও খাতে একটি অশুভ ধারার উত্থান ঘটবে। লিখিত বক্তব্যে কাজী ফারুকের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে সব ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ ও সহায়তা কামনা করা হয়।