নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রশ্নে রুল
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা এই রুলে জানতে চাওয়া হয়েছে।চার সপ্তাহের মধ্যে আইন ও স্বরাষ্ট্রসচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর এসথেটিক প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান খানকে ভ্রাম্যমাণ আদালত ৩০ দিনের কারাদণ্ড দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১১ অক্টোবর তিনি রিট আবেদনটি করেন।গত ১৬, ১৭ ও ১৮ অক্টোবর এ তিন দিনে আবেদনটির ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ রুল জারি করেন।রুল জারির পাশাপাশি আদালত ওই মামলাসংক্রান্ত নথিপত্র চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কামরুজ্জামানকে দেওয়া কারাদণ্ড রায়ের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল মামলা পরিচালনা করেন। এ ছাড়া আদালতের সহকারী হিসেবে (অ্যামিকাস কিউরি) জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম শুনানিতে অংশ নেন।