নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের বৈধতা নিয়ে রুল
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কেন সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।একই সঙ্গে রিট আবেদনকারী কামরুজ্জামান খানকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর আবাসন কোম্পানি এসথেটিক প্রপার্টিজ ডেভেলপমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান খানকে ভ্রাম্যমাণ আদালত ৩০ দিনের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন। ২০ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত আইন (মোবাইল কোর্ট অ্যাক্ট, ২০০৯) কয়েকটি ধারা ও উপধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১১ অক্টোবর রিট আবেদন করেন।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।এ ছাড়া আদালতের আহ্বানে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামও বক্তব্য দেন।হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, আদালত রিট আবেদনকারীর (কামরুজ্জামানের) সাজার রায় ও আপিলের পরবর্তী কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেছেন। রিট আবেদনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তাঁদের বিচার করার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।