নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও দুটি আইন প্রয়োগ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও দুটি আইন প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাবনা ইতিমধ্যে আইন মন্ত্রণালয় অনুমোদন করেছে।আইন দুটি হচ্ছে: ‘মহানগরী, বিভাগীয় ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন’ এবং ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন।’ ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯-এ আইন দুটির তফসিল অন্তর্ভুক্ত হচ্ছে।আইন দুটি প্রয়োগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দিতে পারবেন। জলাধার ও খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণ কিংবা অন্য কোনো উপায়ে এর প্রকৃত উদ্দেশ্য ব্যাহত করলে এর সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই দণ্ড দেওয়া যাবে।অন্যদিকে অনুমোদিত নকশায় ভবন নির্মাণ, ক্রেতাদের ঠকানো অথবা নকশা না মেনে ভবন নির্মাণ, যেখানে-সেখানে নির্মাণসামগ্রী ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, যথাসময়ে প্লট-ফ্ল্যাট হস্তান্তর না করা প্রভৃতি বিষয়ে আইনের বিধানাবলি প্রয়োগ করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।এ ছাড়া আইন মেনে কোনো ক্রেতা প্লট বা ফ্ল্যাটের ক্রয়চুক্তি বাতিল করতে চাইলে যদি নির্মাতা সংস্থা তা না করে, সে ক্ষেত্রেও ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিতে পারবেন। প্রয়োজনে ক্ষতিপূরণও আদায় করতে পারবেন।নদী, খাল, বিল, দীঘি, ঝরনা বা জলাশয় হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত এলাকা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের অধিক্ষেত্র হিসেবে বিবেচিত হবে। এসব স্থানের শ্রেণী পরিবর্তন করে রেকর্ড করা হলে সেখানেও ভ্রাম্যমাণ আদালত বিচার করে ব্যবস্থা নিতে পারবেন।জলাধার সংরক্ষণ আইনে অপরাধের জন্য অনধিক পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান থাকলেও ভ্রাম্যমাণ আদালত দুই বছরের বেশি কারাদণ্ড দিতে পারবেন না। এ আদালতের এর বেশি দণ্ড দেওয়ার ক্ষমতা নেই।জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেন, প্রচলিত আইনে বিচার করতে গেলে তা হবে দীর্ঘমেয়াদি। ভ্রাম্যমাণ আদালতের নেওয়া ব্যবস্থা জনমনে তাৎক্ষণিক স্বস্তি দেবে। এতে অপরাধের মাত্রাও আপাতদৃষ্টিতে কমে আসবে।ঢাকার নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, সরকার যে ধরনের দায়িত্ব তাঁদের দেবে, তাঁরা তা সাধ্যমতো পালনের চেষ্টা করবেন।