নির্বাহী হাকিমেরা সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা পাচ্ছেন না। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিমদের সামনে অপরাধ সংঘটিত হলে দোষ স্বীকার না করলেও অপরাধীকে সাজা ও জরিমানা করা যাবে। এ বিষয়ে বিদ্যমান ভ্রাম্যমাণ আদালত আইন পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন করা হবে।তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদ ডিসিদের এসব বিষয় জানিয়ে দেন। এ ছাড়া শেষ দিনে অর্থ, বিদ্যুৎ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক নানা বিষয়ে ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডিসিরাও এ সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।সম্মেলনের বিভিন্ন সূত্রমতে এবং সাংবাদিকদের কাছে দেওয়া মন্ত্রীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব তথ্য পাওয়া গেছে। এবারের সম্মেলন উপলক্ষে ডিসিরা ২৪২টি বিষয়ে প্রস্তাব পাঠান। এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।এবারের সম্মেলনের অন্যতম আলোচনার বিষয় ছিল নির্বাহী হাকিমদের সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব। মঙ্গলবার সম্মেলনের শুরুর দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুক্ত আলোচনাসহ বিভিন্ন কার্য অধিবেশনে ডিসিরা ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা ও পরিধি বৃদ্ধি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দেওয়াসহ বিভিন্ন ধরনের প্রস্তাব করেছিলেন।শেষ দিনে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশনেও বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে নির্বাহী হাকিমদের বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়ে আইনমন্ত্রী সরকারের অবস্থান জানান। মন্ত্রী বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়ার সুযোগ নেই, এটি সমর্থনযোগ্যও নয়। সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদাকরণ নিশ্চিত করতে বলা আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বিচারিক হাকিমদের। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ওপর বিচারিক ক্ষমতা সংবিধান ও মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী সমর্থনযোগ্য নয়। সংবিধান অনুযায়ী বিচারিক ক্ষমতা বিচারিক হাকিমদের হাতে থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাহী কাজ করবেন।ডিসিরা বলেছেন, ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে এই আইনের অধীন নির্ধারিত দণ্ড আরোপ করা যায়। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার না করলে নির্বাহী হাকিমদের সামনে ঘটনা সংঘটিত হলেও দণ্ড প্রদানের সুযোগ থাকে না। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম সম্পূর্ণ কার্যকর সম্ভব হচ্ছে না।এ বিষয়ে ডিসিদের প্রস্তাব হলো, ভ্রাম্যমাণ আদালত আইনের ৬(১) ধারার পর ‘অভিযুক্ত ব্যক্তি স্বীকার না করলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে দণ্ড আরোপ করতে পারবেন।’ এটি যুক্ত করা যেতে পারে।এ বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, বিষয়টি বিশ্লেষণ করে দেখা হবে। যদিও সব আইন পড়লে দেখা যায়, ভ্রাম্যমাণ আদালতের সামনে কোনো অপরাধ করলে সাজা দেওয়া যায়। অপরাধ স্বীকার করার প্রয়োজন নেই। তবু যদি কোনো জটিলতা থাকে, তাহলে সেটা পরীক্ষা করে সংশোধন সাপেক্ষে সেই অংশ বাদ দেওয়া হবে। এ ছাড়া সরকারি মামলা পরিচালনায় সলিসিটর শাখার সহায়তা বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। মহানগর জরিপের ভুলের সুযোগ নিয়ে সরকারি মূল্যবান সম্পত্তি যাতে বেহাত হয়ে না যায়, সে জন্য ডিসিদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। অধিবেশন সূত্রমতে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা লোডশেডিং সহনীয় রাখার প্রস্তাব দেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, তাঁরা চেষ্টা করে যাবেন। সূত্র জানায়, এই অধিবেশনে গ্যাসের অপচয় রোধ করার লক্ষ্যে অবৈধ গ্যাস-সংযোগ বন্ধ করা, সরকার-নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করা, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ ত্বরান্বিত করতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা অর্থবছরের সময়কাল পরিবর্তনের প্রস্তাব করেন। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এটা করার সুযোগ নেই। ডিসিরা কৃষিঋণ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, বেসরকারি ব্যাংকগুলো কৃষিঋণ দিতে চায় না। এ বিষয়ে তাঁরা অর্থমন্ত্রীর পরামর্শ চান। এ ছাড়া ডিসিরা জরুরি দুর্যোগের জন্য বরাদ্দের কথা বলেছেন। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দুর্যোগের জন্য তহবিল করা হয়েছে। এটা এখনো সক্রিয় হয়নি। হলে ডিসিরা ক্ষমতা পাবেন।উসকানির বিষয়ে ডিসিরা: তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় জেলা প্রশাসকেরা বিভিন্ন মাধ্যমে উসকানি দেওয়ার বিষয়ে করণীয় চান। এ ছাড়া ডিসিরা তাঁদের নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও ত্রুটির কথা তুলে ধরে সেগুলোর সমাধান চেয়েছেন।পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ‘অনলাইন পত্রিকায় অনেক ভালো ভালো খবর আসছে। পাশাপাশি বহু অপপ্রচার এবং গুজবও আসছে। তাই অনলাইন পত্রিকার এসব অপপ্রচার ও গুজব গণতন্ত্রকে খানিকটা বিঘ্নিত করছে। যাঁরা এসব উসকানি দিচ্ছেন, মিথ্যাচার করছেন, তাঁদের কীভাবে মোকাবিলা করা হচ্ছে, সে বিষয়ে তাঁরা (ডিসিরা) জানতে চেয়েছেন। আমরা বলেছি, অনলাইন পত্রিকার জন্য নীতিমালা হচ্ছে। তবে নিয়ন্ত্রণের নামে কণ্ঠরোধ করতে চাই না। উসকানি ঠেকানোর জন্য প্রচলিত আইন আছে। পাশাপাশি আরও বাড়তি আইন করা যায় কি না, সে বিষয়ে নীতিনির্ধারকেরা চিন্তাভাবনা করছেন।’এ ছাড়া গতকাল সমাজকল্যাণ, ধর্ম, পানি, নৌপরিবহন, বস্ত্র ও পাট, বেসামরিক বিমান, ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়। বিকেলে শেষ হয় তিন দিনের এই সম্মেলন। শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এবারের সম্মেলনকে গতবারেরও চেয়ে ফলপ্রসূ বলে উল্লেখ করেন।