নির্বিঘ্নে ট্রেন চলাচল নিয়েও শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে নির্বিঘ্নে ট্রেন চলাচল নিয়ে শঙ্কা কাটছে না। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম রেলপথে একাধিকবার ট্রেন দুর্ঘটনার কারণে এই শঙ্কা আরও জোরালো হয়েছে। রেলের নিজস্ব বিশ্লেষণ থেকে এই শঙ্কার কথা জানা গেছে। গত বুধবার রাত দুইটা ৫৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ কারণে প্রায় নয় ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট পথের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।রেলওয়ে সূত্র জানায়, কসবায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বুধবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের এক জোড়া চট্টলা, এক জোড়া গোধূলী, চট্টগ্রাম-সিলেট পথের এক জোড়া পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করতে হয়। অন্যান্য আন্তনগর ও লোকাল ট্রেনের যাত্রা বিলম্ব হয়।রেলের কর্মকর্তারা বলছেন, ঈদে কোনো কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটলে সূচিতে বিপর্যয় নেমে আসবে। কারণ, সারা দেশেই রেল চলাচল করে এক লাইনে। কিছু স্টেশন এলাকা ও অল্প কিছু নির্ধারিত স্থানে দুটি লাইন আছে এবং এসব স্থানে একটা ট্রেন দাঁড় করিয়ে অন্য ট্রেনকে চলার পথ করে দেওয়া হয়। লাইনচ্যুতির কারণে বিপরীত দুর্ঘটনাকবলিত ট্রেনের পেছনের এবং বিপরীত দিক থেকে আসা ট্রেনের চলাচলও বন্ধ হয়ে যায়।রেলের কর্মকর্তারা জানান, মালবাহী ট্রেনগুলোই বেশি দুর্ঘটনায় পড়ে। গত ঈদুল ফিতরের সময় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মালবাহী ট্রেন চলাচল তিন দিন বন্ধ রাখা হয়েছিল। ফলে সময়মতো ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সুফল পাওয়া যায়। কিন্তু এবার মালবাহী ট্রেনের যাত্রা বন্ধ রাখার কোনো হয়নি।জানতে চাইলে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, গত রোজার ঈদে যাত্রীদের স্বার্থে মালবাহী ট্রেন বন্ধ রাখা হয়েছিল। এবার যাত্রী ও মালামাল পরিবহন একসঙ্গেই চলবে। তিনি বলেন, দুর্ঘটনার ওপর কারও হাত নেই। তার ওপর তেমন কিছু হলে, তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরুর প্রস্তুতি রাখা হয়েছে।এক সপ্তাহে তিনবার দুর্ঘটনা: কসবায় যে মালগাড়ি লাইনচ্যুত হয়, সেটি আবার গত মঙ্গলবার ফেনীর মুহুরীগঞ্জে লাইনচ্যুত হয়। ওই দিনও চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটগামী আন্তনগর ট্রেনগুলো অনেক বিলম্বের গন্তব্যে পৌঁছায়। বাতিল করা হয় চট্টলা এক্সপ্রেসের যাত্রা। গত শনিবার সন্ধ্যায় সিলেট রেলপথের আজমপুর-মুকুন্দপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় আন্তনগর পারাবাত দুর্ঘটনার কবলে পড়ে। ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে ওই দিন সিলেটের ট্রেন যোগাযোগ সাড়ে পাঁচ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রেললাইনে প্রয়োজনীয় পাথর-স্লিপার না থাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা বেশি ঘটছে। এ কারণে রেল চলাচলের গতি ৮০ কিলোমিটার থেকে কমিয়ে সর্বোচ্চ ৭২ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে।১০ মাসে ৩০ বার লাইনচ্যুতি: রেলের পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে সর্বশেষ গত বুধবার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথে অন্তত ৩০ বার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এর মধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭৫ কিলোমিটারের মধ্যে ১৩ বার লাইনচ্যুতির ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে লাকসাম পর্যন্ত ১২৫ কিলোমিটার রেলপথে লাইনচ্যুত হয়েছে সাতবার। আর ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত ১২৩ কিলোমিটার রেলপথের আটবার দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেন, কোনো ট্রেনের কোচ (বগি) বা ইঞ্জিন লাইনচ্যুত হলে কমপক্ষে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। কারণ, উদ্ধার অভিযানে ব্যবহূত রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে নিয়ে যেতে দুই-আড়াই ঘণ্টা লেগে যায়। এরপর উদ্ধার অভিযান পরিচালনায় আরও কিছু সময় লাগে।রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলে ঢাকা, চট্টগ্রাম, লাকসাম, আখাউড়া, কুলাউড়া ও ময়মনসিংহে কেবল একটি করে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) আছে। এই ট্রেনগুলোর গতি সর্বোচ্চ ২৫ কিলোমিটার।