বিশ্বকাপের যৌথ আয়োজন পূর্ব গোলার্ধে আমাদের এই অঞ্চলের জন্য একটি পয়মন্ত বিষয় হয়েই দাঁড়াল। মঙ্গলবার প্রেমাদাসায় নিউজিল্যান্ডকে ক্রিকেট বিশ্বের পূর্বানুমানের সম্মানে সহজে বিদায় করে দিয়ে শ্রীলঙ্কা নির্মাণ করল প্রথমবারের মতো উপমহাদেশীয় একটি বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল। অন্য রকম এক উৎসবের আমেজে ঢাকা থাকবে এবারের চূড়ান্ত খেলা।শ্রীলঙ্কা ওই উৎসবে থাকবে তুলনামূলকভাবে নির্ভার। নির্ভার থাকার কারণ, ওদের ওপর আছে ওদের দেশবাসীর ভরসা, আছে গণমাধ্যমের সহমর্মী-সমর্থন। অন্যদিকে প্রতিপক্ষের ওপর আছে অর্জনের বিশাল দাবি, প্রত্যাশার ফেনায়িত তাগিদ। শ্রীলঙ্কার প্রতিপক্ষের পিছে পিছে হাঁটে সমালোচনার তীক্ষ চোখ আর ক্ষুরধার জিহ্বা। সরল কথায়, খেলার বাইরের চাপটা শ্রীলঙ্কার ওপর থাকবে খুবই হালকা মাপের, খেলার ধারায় যেটা অনুভূত হওয়ার নয়। অন্যদিকে চূড়ান্ত খেলার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা অভিজ্ঞতর। চূড়ান্ত খেলার বিবেচনায় শ্রীলঙ্কা ও তার প্রতিপক্ষের অভিজ্ঞতা সমান। চূড়ান্ত খেলা জেতা ও হারার দুই রকম অভিজ্ঞতাই ওদের আছে। আর ওই অভিজ্ঞতাগুলো প্রতিপক্ষের চূড়ান্ত খেলার অভিজ্ঞতার চেয়ে নিকটতর অতীতের। ১৯৯৬ সালে লাহোরে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে কাপ জেতার পর মাত্র তো গতবার ওই অস্ট্রেলিয়ার কাছেই বৃষ্টিবিঘ্ন্নিত ফাইনালে ৫৩ রানে হারল। বৃষ্টি না এলে অন্য রকম হতে পারত। অবশ্য ইতিহাস ও অভিজ্ঞতাই শেষ কথা নয়। এবারের সম্ভাব্য বিজয়ী নিয়ে আলোচনায় বর্তমান প্রেক্ষাপটটাই বেশি বিচার্য। থাক, সে আলোচনায় এখনই গিয়ে কাজ নেই। হাতে তো আরও দুই দিন সময় আছে। তবে একটি কথা বলে রাখি। এই যে শ্রীলঙ্কার ফাইনাল খেলার প্রতিপক্ষ-প্রতিপক্ষ করছি, নাম নিচ্ছি না, তার কারণ, লেখাটি লিখছি মোহালি মহারণের সকালে। তাই এই প্রতিপক্ষ শব্দের আড়াল নেওয়া। উপমহাদেশীয় ফাইনালের আনন্দে একটু আগাম কথাবার্তা বলার সুযোগ নেওয়া আর কি। সেই আগাম কথার সারাংশ হচ্ছে, ২ এপ্রিল ফাইনালে শ্রীলঙ্কার ওপর মুরালিধরনকে বিদায়ী ম্যাচে বিশেষ কিছু উপহার দেওয়া ছাড়া বাড়তি কোনো চাপ থাকবে না।মঙ্গলবারের প্রেমাদাসায় একটু ফিরে যাই। রাতের বেলা ব্যাটিং করতে হবে দেখে কুমার সাঙ্গাকারার স্মিত হাসিতেই সকাল সকাল লুকিয়েছিল দিনের সাফল্য। কলম্বোয় রাতে ব্যাটিং তো ওঁদের জন্য বাড়ির নিস্তরঙ্গ পুকুরে সাঁতারের মতো। আগের খেলায় ইংরেজরা সেই অবাধ সাঁতার দেখেছে। নিউজিল্যান্ডের আক্রমণ ইংরেজদের চেয়ে খুব বেশি ধারালো বলা যাবে না। সুতরাং ম্যাচের শুরুতে হাসতেই পারেন লঙ্কা দলপতি। হেসে হেসেই কত কৌশলী রঙ্গ দেখালেন। আগের ম্যাচে দিলশানকে দিয়ে নতুন বল ব্যবহার করা শুরু করেছিলেন। এবার সে রাস্তায় হাঁটলেন না। নিয়ে এলেন বাঁহাতি রঙ্গনা হেরাথকে। ফল হলো, ব্রেন্ডন ম্যাককালামের অস্বস্তি। মালিঙ্গার গতিযোগে ম্যাচের নিয়ন্ত্রণ সাঙ্গাকারার হাতে। স্টাইরিস ও টেলরের মৃদু প্রতিরোধ থই পেল না শ্রীলঙ্কার বোলিং বৈচিত্র্যের কাছে। এ বৈচিত্র্যের নিজ আঙিনায় ব্যবহারের কার্যকারিতা নিয়ে কুমার সাঙ্গাকারা সব সময়ই সোচ্চার। এদিন আবারও দেখালেন সেই বৈচিত্র্যের কুশলী ব্যবহার। মাত্র ২৫ রানে কিউইদের শেষ ৫ উইকেট নিধন। ২১৭-তে থামালেন ২৫০ রান সংগ্রহের সম্ভাবনাকে। জানতেন, সে রান টপকে যাওয়া শুধুই সময়ের ব্যাপার। দুই রকম গ্লাভস হাতেই তুখোড় ছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক। উপভোগ্য দল নির্দেশনায় ম্যাচসেরার পুরস্কার হাতে নিলেন। দেশের মাটিতে স্পিন আচার্য মুত্তিয়া মুরালিধরনের শেষ ম্যাচকে করে তুললেন বিশেষ মাত্রায় উজ্জ্বল। ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে মাতৃভাষায় তাঁর কৃতজ্ঞতা প্রকাশও দিনটিতে অন্য রকম মাত্রা ছিল। তাঁর সেনারা পরিকল্পনার পথে যথাযথ হাঁটছেন। চূড়ান্ত খেলার জন্য মুম্বাইগামী ফ্লাইটে অনেক ফুরফুরে থাকবেন কুমার সাঙ্গাকারা।