নির্ভীক নারীর একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদিরা খাতুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্ত শাখার (ডিবি উত্তর) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার। সাদিরা খাতুনের একটি দিন কেমন কাটে, সে সম্পর্কে জানতে সকাল সাতটার মধ্যেই আমরা পৌঁছে যাই রাজারবাগ পুলিশ লাইন-সংলগ্ন তাঁর শান্তিনগরের বাসায়। প্রতিদিন ভোর ছয়টায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে চিরতার পানি পান করা তাঁর অভ্যাস। সাদিরা এর পরপরই শুরু করেন হালকা ইয়োগা। অতঃপর লাল চা আর বিস্কুট ভিজিয়ে খেতে খেতে এক হাতে টিভির রিমোট আর অন্য হাতে খবরের কাগজ দিয়ে দিনের কাজ শুরু করেন। সকাল নয়টার মধ্যে ভাইবোনেরা সব একসঙ্গে মিলিত হন ডাইনিং টেবিলে সকালের নাশতা খাওয়ার জন্য। হালকা নাশতা সেরেই অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। প্রস্তুতি নেওয়ার আগে প্রতিদিন একবার নিজের ঘরের আসবাব পরিষ্কার করেন, নিজ হাতে ঘরের মেঝে পরিষ্কার করেন, তারপর চলে স্নানপর্ব। সাদিরা পুলিশের পোশাক না পরায় মনে মনে একটু হোঁচট খেয়েছি। তিনি বলেন, ‘ডিবি অফিসে সাধারণ পোশাকে যেতে হয়, কিন্তু বিশেষ অনুষ্ঠানের দায়িত্বে গেলে তখন পুলিশের পোশাক পরা লাগে। আর যখন অপারেশনে যেতে হয়, তখন আবার নিজের সুবিধার্থে জিনস, ফতুয়া—এসব পরে থাকি।’ সকাল ১০টা বাজতেই অফিসের জন্য পুরোপুরি প্রস্তুত সাদিরা। গাড়ি নিয়ে ইতিমধ্যে হাজির কনস্টেবল ফারুক। এক হাতে ওয়াকিটকি আরেক হাতে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডায়েরি নিয়ে পৌঁছে যান গাড়ির কাছে। ঘরোয়া পরিবেশে সাদিয়ার মধ্যে হঠাত্ করেই যেন কর্মব্যস্ততার পরিবর্তন লক্ষ করা যায়। সকাল সাড়ে ১০টা বাজতেই পৌঁছে যান ডিবি অফিসের কার্যালয়ে। মাদক নিয়ন্ত্রণ টিমের ১৫ জন সদস্যের প্রধান হলেও তিনি অস্ত্র উদ্ধার, গাড়ি উদ্ধার, ডাকাতি, অপহরণ মামলা—এসব বিষয় নিয়েও কাজ করে থাকেন। অফিসে পৌঁছেই আগে নিশ্চিত হন তাঁর টিম সদস্যের কাজ সম্পর্কে, বিভিন্ন মামলার রিপোর্ট দেখতে শুরু করেন, এরপর কিছু আলামত কী করবেন, তার সিদ্ধান্ত দেন। এরই মধ্যে জানান তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন, যখন মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেপ্তার করতে পারেন। কথা বলতে বলতে তাঁর কাজ কিন্তু থেমে থাকে না। অফিসে এসে ল্যাপটপের মাধ্যমে একটি মামলার গোপন সূত্র খুঁজে বের করতে শুরু করেন। এরই মধ্যে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অপহরণ মামলার সঙ্গে সংশ্লিষ্ট বাদীপক্ষের দুজন ভিনদেশি নাগরিক। অত্যন্ত বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সঙ্গে তিনি তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এরই মধ্যে মুঠোফোনের মাধ্যমে গোপন তথ্য সরবরাহকারীদের কাছ থেকে খবরাখবর নিচ্ছিলেন। প্রায় দুই ঘণ্টার আলাপ-আলোচনা শেষে তাঁরা যখন চলে যান, হঠাত্ করেই যেন তাঁর ভ্রু কুঁচকে যায় আর মুখে হাসি ফুটে ওঠে। ল্যাপটপ থেকে মুখ সরিয়ে তিনি জানান, সকাল থেকে যে মামলা নিয়ে বসে আছেন, তার গোপন সূত্র খুঁজে পেয়েছেন। গোপন তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে ডিসি স্যারের কাছে গিয়ে সব বুঝিয়ে দিয়ে আসেন। শত কর্মব্যস্ততার মধ্যেও তাঁর হাস্যোজ্জ্বল মুখে কোনো বিরক্তির ছাপ পড়েনি। দুপুরের খাবার সব সময় অফিসে খান। খেতে খেতে সাদিরা বলেন, ‘রাত যত গভীর হয়, মাদক ব্যবসায়ীদের অপকর্ম তত বাড়তে থাকে। তাই বেশির ভাগ অপারেশন রাতে হয়।’ দুপুরের খাবার শেষ করতে না-করতেই ফোন আসে, বিকেলে অপারেশনে যেতে হবে। খাবার শেষে নিজের পদোন্নতির জন্য একটু পড়াশোনা করতে বসেন। এসব অপারেশনে যেতে ভয় হয় না আপনার? প্রশ্ন শুনে হেসে বলেন সাদিরা, ‘ছোটবেলা থেকেই আমার মধ্যে ভয়টা কম। আর অপারেশনে গেলে আমি যদি ভয় পাই, তাহলে আমার দলের সদস্যরা পিছিয়ে যাবেন। বিপদ যদি আসে, তাহলে দলের সদস্যরা আমাকে সাহায্য করবেন।’এরই মধ্যে অপারেশনে যাওয়ার সময় হয়ে আসে, নিজের ১৫ সদস্যের টিম নিয়ে বসে যান আলোচনায়, হালকা ব্রিফিং দেন এবং অপারেশনের সময় কার কী দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর নিজে দ্রুত পাঁচ মিনিটের মধ্যে অপারেশনে যাওয়ার পোশাক পরে দল নিয়ে বেরিয়ে যান। সন্ধ্যা ঘনিয়ে আসে, গাড়িতে যেতে যেতে তিনি তাঁর দলের সদস্যদের হালকা ব্রিফিং দেন। এভাবে প্রতিদিন রাত ১১-১২টা বেজে যায় অপারেশন শেষ করে বাসায় পৌঁছাতে। তবে রাত যতই হোক, বাসায় ফিরে একটু সতেজ হয়ে ভাইবোনদের সঙ্গে খাবার টেবিলে রাতের খাবার একসঙ্গে খেতে আর আনন্দ দিতে খুব পছন্দ করেন তিনি।