নির্ভুল তালিকা ছাড়াই মুক্তিযোদ্ধাদের তথ্যভান্ডার!
মুক্তিযুদ্ধ করে ভোলার ‘ঘুইংগারহাট যুদ্ধে’ গুলিবিদ্ধ ফজলুর রহমানের (৭৪) নাম তালিকায় ওঠেনি। ঢাকায় এসে নাম তোলা বা সনদ নেওয়ার মতো সামর্থ্যও তাঁর নেই। নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা আলী আহমেদের অসুস্থ স্ত্রী খালেদা খানম প্রায় আড়াই বছর ধরে মুক্তিযোদ্ধা সনদ জোগাড় করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ছোটাছুটি করছেন। তিনিও সফল হননি।খুলনা মহাসড়কের পাশে ২০০৫ সালের ৩ ডিসেম্বর সাতক্ষীরার মুক্তি-যোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিফলকটি উদ্বোধন করা হচ্ছে না। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইনামুল হক বিশ্বাস জানান, মুক্তিযুদ্ধে অংশ নেননি, এমন ছয়জনের নাম রয়েছে এ স্মৃতিফলকে। আর ১২ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম স্থান পায়নি এখানে।সাতক্ষীরার মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ বেঁচে আছেন। কিন্তু তাঁর নাম শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত রয়েছে। ওই জেলার আরেক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা একই সঙ্গে বীর বিক্রম ও বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন।এভাবে মুক্তিযুদ্ধ করেও অনেকে সনদ পাননি। আবার মুক্তিযুদ্ধ না করেও সনদ পেয়েছেন। এ পর্যন্ত তৈরি করা পাঁচটি তালিকার মধ্যে চারটি নিয়ে রয়েছে বিতর্ক। এসব তালিকা নিয়ে তর্কযুদ্ধ শেষ করতে সিদ্ধান্ত হয়েছে যাচাই-বাছাইয়ের। সেটি হওয়ার আগে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে নেওয়া হচ্ছে নতুন আবেদন। গত প্রায় তিন বছর ধরে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে চলমান এই পরিস্থিতির মধ্যে শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য ডেটাবেইস ও ডিজিটাল সনদ তৈরির নতুন উদ্যোগ।মুক্তিযোদ্ধা সংসদ শুরুতেই ডেটাবেইস তৈরির বিষয়ে আপত্তি তুলেছিল। সংসদের বক্তব্য হচ্ছে, যাচাই-বাছাই হওয়ার আগে ডেটাবেইস করা ঠিক হবে না। তবে মন্ত্রণালয় বলছে, ডেটাবেইস ও যাচাই-বাছাই পাশাপাশি চলতে পারে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মেনে নিয়েছে। কিন্তু সংসদের জেলা-উপজেলা কমান্ড বিষয়টি মেনে নিতে পারছে না। স্থানীয় কমান্ডের ধারণা, ঢাকা থেকে ফরম পাঠিয়ে তা পূরণ করে এনে ওয়েবসাইটে দিলেই সঠিক ও পূর্ণাঙ্গ ডেটাবেইস হবে না।মুক্তিযোদ্ধা সংসদের টাঙ্গাইল জেলা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা ছাড়া ডেটাবেইস করার পরিকল্পনা সুষ্ঠু ও সফল হবে না। মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে যে ফরম বিতরণ ও পূরণ হয়ে আসছে, তাতে সংসদের জেলা কমান্ডের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করতে চাইলে এ পর্যন্ত করা পাঁচটি তালিকা নিয়েই মাঠে যেতে হবে। প্রতিটি ইউনিয়নে গিয়ে কথা বলতে হবে স্থানীয় নামকরা মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে। স্থানীয় সরকারি কর্মকর্তা সঙ্গে থাকতে পারেন। এটা ছাড়া ঢাকা থেকে ফরম পাঠিয়ে নির্ভুল তালিকা, যাচাই-বাছাই ও নতুন মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করা বা ডেটাবেইস তৈরি সম্ভব হবে না।মুক্তিযোদ্ধা সংসদের নীলফামারী জেলা কমান্ডার মো. জয়নাল আবেদীন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যেখানে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নেই, সেখানে ডেটাবেইস করা কতটা জরুরি, তা ভেবে দেখার বিষয়। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন, জেলার বিভিন্ন থানা থেকে কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধা এবং টাকার বিনিময়ে সনদ জোগাড় করা মুক্তিযোদ্ধার নামও ডেটাবেইসে অন্তর্ভুক্তির জন্য পাঠানো হয়েছে। এটা জানার পর তিনি লিখিত আপত্তি পাঠিয়েছেন মন্ত্রণালয়ে।ডেটাবেইস নির্ভুল না হওয়ার আশঙ্কা: এ পর্যন্ত তৈরি হওয়া মুক্তিযোদ্ধাদের পাঁচটি তালিকার মধ্যে একজন মুক্তিযোদ্ধার নাম একাধিক তালিকায় রয়েছে। যতগুলো তালিকায় নাম থাকুক না কেন, ডেটাবেইসে থাকা নামই হবে চূড়ান্ত। আবার একেক তালিকায় মুক্তিযোদ্ধাদের নামের বানান ও ঠিকানা একেক রকম। নির্ভুল ডেটাবেইস তৈরির ক্ষেত্রে এটি বড় সমস্যা। ডেটাবেইসে মুক্তিযোদ্ধার ছবি থাকা বাধ্যতামূলক। কিন্তু যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাঁদের ছবি পাওয়া যাচ্ছে না। কেউ কেউ মুক্তিযোদ্ধার ছবির বদলে ছেলেমেয়ে বা আত্মীয়স্বজনের ছবি পাঠাচ্ছেন।ডেটাবেইসের জন্য ভোটার পরিচয়পত্র দেওয়ার শর্ত থাকলেও যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাঁদের পরিচয়পত্র নেই। কিছু মুক্তিযোদ্ধা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্র করেননি বা হারিয়ে ফেলেছেন। এ ছাড়া বেশ কিছু মুক্তিযোদ্ধা দেশের বাইরে।মুক্তিযোদ্ধা ডেটাবেইস ফরম সংগ্রহ করে দেখা যায়, এটা পূরণ করতে ১১ দফা নির্দেশনা রয়েছে। গ্রামের সহজ-সরল অনেক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার এসব শর্ত ঠিকমতো পূরণ করতে পারছেন না। উপজেলা কমিটি আবেদনগুলো একত্র করছে। আর ইউএনওর মাধ্যমে সেগুলো মন্ত্রণালয়ে আসছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এই ডেটাবেইস ইতিহাসের অংশ হয়ে থাকবে। এখানে একজন মুক্তিযোদ্ধা ছাড়াও তাঁর ছেলেমেয়েদের তথ্য, জন্ম তারিখ ও পেশা সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। এর ফলে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা সহজ হবে।সম্ভাব্য সংখ্যা এক লাখ ৮০ হাজার: মন্ত্রণালয় থেকে এক লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার সম্ভাব্য তালিকা ধরে এই পরিমাণ ফরম মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। এর বাইরে রয়েছে অতিরিক্ত ২০ হাজার ফরম। ৪৮৪টি উপজেলায় ইতিমধ্যে ফরম পাঠানো হয়েছে। এর মধ্যে গত রোববার পর্যন্ত প্রায় ৩০০ উপজেলা থেকে প্রায় এক লাখ ১০ হাজার ফরম পূরণ হয়ে ঢাকায় এসেছে।কর্মসূচির পরিচালক জানালেন, প্রতিদিনই ফরম আসছে। ৩০ নভেম্বর পর্যন্ত ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে ডিসেম্বর মাসজুড়ে ফরম জমা নেওয়া হবে।ডেটাবেইস তৈরি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে মোট বরাদ্দ চার কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে ডেটাবেইস ও সনদ তৈরির জন্য বরাদ্দ এক কোটি ১৭ লাখ টাকা। বাকি টাকা দিয়ে ৬৪ জেলার জন্য ৬৪টি প্রামাণ্যচিত্র, প্রতিটি জেলায় একটি সেমিনার হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ ২০১৩ সালের জুন পর্যন্ত। কর্মসূচি পরিচালকের আশাবাদ, এ সময়ের মধ্যে কাজকর্ম শেষ হয়ে যাবে।{তথ্য দিয়ে সহায়তা করেছেন ভোলা থেকে নেয়ামতউল্যাহ ও সাতক্ষীরা থেকে কল্যাণ ব্যানার্জি