সাংবাদিকদের জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে সাংবাদিক নেতারা সরকার, সব রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এ কথা বলেন।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুষ্কৃতিকারীদের হাতে সাংবাদিক জুনাইদ আহমেদ জুনেদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, হত্যার পর নির্মমভাবে লাশ টুকরো টুকরো করার ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, এর আগে নিজ ঘরে সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি দম্পতিকে নৃশংসভাবে খুন করা, যশোরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক জামাল উদ্দিনকে হত্যা এবং সর্বশেষ সাংবাদিক জুনাইদ আহমেদকে টুকরো টুকরো করার ঘটনা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পথে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে।বিবৃতি দেওয়া সাংবাদিক নেতারা হলেন—বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।