নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান র্যাবের
কাল রোববারের নির্বাচনে নির্ভয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার বেলা একটার দিকে শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর কমান্ডিং অফিসার মোস্তাফা এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লে. কর্নেল মোস্তাফা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে র্যাব পুরোপুরি সহায়তা করবে। এর মধ্যে নারায়ণগঞ্জে এক হাজার র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটের দিন কাল রোববার আরও ৪০০ সদস্য মোতায়েন করা হবে।লে. কর্নেল মোস্তাফা আরও বলেন, নির্বাচনের দুই দিন পর পর্যন্ত র্যাব নারায়ণগঞ্জে মোতায়েন থাকবে।র্যাবের কর্মকর্তা মোস্তাফা বলেন, ‘নারায়ণগঞ্জে ভোটারদের উদ্দেশে আমি বলতে চাই—আপনারা আতঙ্কিত হবেন না। নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যান। আপনাদের নিরাপত্তা কেউ বিঘ্নিত করতে পারবে না।’ তিনি বলেন, নারায়ণগঞ্জের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। বহিরাগত সন্ত্রাসী পেলে গ্রেপ্তার করা হবে। সন্ত্রাসীদের ওপর নজরদারি চলছে বলেও তিনি জানান। লে. কর্নেল মোস্তাফা আরও বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। তিনি বলেন, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে বলে তাঁরা আশাবাদী। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে সেনা মোতায়েনের কথা ছিল। কিন্তু সেনা মোতায়েন করা হয়নি। নির্বাচনে র্যাবের ৪০০ সদস্য দায়িত্ব পালনের কথা ছিল। এর পরিবর্তে এখন এক হাজার ৪০০ র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।