নির্মম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির স্বপ্ন ছিল মেডিকেল অ্যাসিসট্যান্ট হওয়ার। পরিবারের বোঝা না হয়ে স্বাবলম্বী হতে চেয়েছিল। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় তার বাড়ি। বাবা একজন স্কুলশিক্ষক। গত বছর এসএসসি পাসের পর রংপুরের একটি প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হয়। শহরের আর কে রোডের প্রশিক্ষণকেন্দ্র থেকে একটু কাছাকাছি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের পেছনে সাতগাড়া মিস্ত্রিপাড়ার একটি মেসে থাকত মেয়েটি। মেস থেকে প্রতিদিনই হেঁটে প্রশিক্ষণকেন্দ্রে যাওয়া-আসা করে মেয়েটি। এই যাওয়া-আসার পথে কয়েকজন বখাটে যুবক তার পিছু নেয়। অকথ্য কথাবার্তা আর অশালীন আচরণ এই বখাটে দুর্বৃত্তদের। এতে মেয়েটি লজ্জা পায়। কিন্তু মুখ ফুটে প্রতিবাদ করারও সাহস নেই তার।১৫ মে রাত নয়টার দিকে মেস থেকে বের হয়ে মেয়েটি একটি মোড়ের দোকানে মশার কয়েল কিনতে যায়। সেই কয়েল কিনতে যাওয়াই যেন তার কাল হয়ে দাঁড়ায়।জানা গেছে, দোকানে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত মেয়েটির পথ রোধ করে। এরপর তার মুখ বেঁধে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ওই চারজনের সঙ্গে আরও একজন দুর্বৃত্ত যুক্ত হয়।শহর থেকে কিছু দূরে নজিরের হাট এলাকার নির্জন স্থানে নিয়ে চলে নির্যাতন। ভোররাতেই অচেতন অবস্থায় মেয়েটিকে মেসের পাশে রেখে দুর্বৃত্তরা সটকে পড়ে। ঘটনা জানাজানি হয়ে পড়লে এলাকার লোকজন মেয়েটিকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিত্সার ব্যবস্থা করে দেয়।এ ব্যাপারে মেয়েটি নিজেই বাদী হয়ে ১৬ মে ওই পাঁচ দুর্বৃত্তকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করে। মামলার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজু নামে একজনকে গ্রেপ্তার করে। বাকি চারজনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। কোতোয়ালি থানার পুলিশ মেয়েটির উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানায়।এদিকে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্থানীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজ ১৮ মে মানববন্ধন ও সমাবেশ করেছে। সেখানে বক্তব্য দেন নারী সংগঠক ও সাবেক পৌর কাউন্সিলর ইরা হক, প্রজন্ম ’৭১-এর সংগঠক দেবদাস ঘোষ, রাজেশ দে প্রমুখ। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ সরকার বলেন, আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতিমধ্যে ৬৪ ধারায় মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।