নির্মম হামলার বর্ণনা, প্রতিবাদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুপুরে ভাত খেয়ে কেবল শুয়েছি, এমন সময় ওরা বাড়ির দরজা ভেঙে ঢোকে। আমার দুলাভাইকে পুকুরে ফেলে দেয়। পুকুরের পানি লাল হয়ে যায়।’আজ দুপুরে সংহতি সমাবেশে এভাবেই গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের হামলার বর্ণনা দেয় ছয় বছরের শিশু নাইমা জান্নাতি ওরফে তিন্নি। সাতক্ষীরায় তিন্নির বড় বোনের স্বামী মামুন হোসেনের হত্যার বর্ণনা এটি। এ সময় আতঙ্কে কেঁপে কেঁপে উঠছিল তিন্নির ছোট্ট শরীর।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে কলাভবনের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশে আরও এসেছিলেন গাইবান্ধার হাফিজা বেগম, তিন্নির বোন জান্নাতুল ফেরদৌসী, নোয়াখালীর বিমল কান্তি আচার্য, চট্টগ্রামের নূর মোহাম্মদ, গাইবান্ধার সুনীল কুমার বর্মণ। জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদ জানান তাঁরা। দাবি জানান সাম্প্রদায়িক উসকানি ও হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।গত ২৮ ফেব্রুয়ারির বর্ণনা দিতে গিয়ে নোয়াখলীর বেগমগঞ্জ উপজেলার বিমল কান্তি আচার্য বলেন, ‘সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য আমরা হিন্দু-মুসলমান সবাই রক্ত দিয়েছি। অথচ ২৮ ফেব্রুয়ারি আমাদের পূজামণ্ডপে হামলা করে সাম্প্রদায়িক গোষ্ঠী। এরপর তারা আমার বাড়িঘরে হামলা করে। প্রশাসন আমাদের মন্দির পুনর্নির্মাণ করে দিচ্ছে। তবে হামলাকারীরা এখনো থেমে নেই। গত পরশু দিনও তারা মন্দিরের দেয়াল ভেঙে দিয়েছে।’সাতক্ষীরার জান্নাতুল ফেরদৌসী হারিয়েছেন তাঁর সুখ-দুঃখের সাথি জীবনসঙ্গীকে। মাত্র ১৮ বছর বয়সে স্বামী এ এম বি মামুন হোসেনকে হারান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের হামলায় প্রাণ হারান তিনি। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা শহরে দিনদুপুরে স্থানীয় সিটি কলেজের প্রভাষক মামুনকে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁর নিজের বাড়িতে। পুড়িয়ে দেওয়া হয় মামুনের সাজানো বাড়ি। লন্ডভন্ড হয়ে যায় তাঁর সাজানো সংসার। এই শোককে শক্তিতে পরিণত করতে সংহতি সমাবেশে এসেছেন বলে জানানা জান্নাতুল। তিনি বলেন, ‘আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই। শাস্তি চাই।’গাইবান্ধার মোসাম্মাত্ হাফিজা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, ‘হামলার দিন ২৮ ফেব্রুয়ারি আমরা বারবার প্রশাসনের সাহায্য চেয়েছি। আমি সুন্দরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে পুলিশের কাছে সহায়তা চেয়েছি। কিন্তু কিছুই হয়নি। আমার ধারণা, জামায়াত-শিবিরের কাছ থেকে প্রশাসনের লোকজন মোটা অঙ্কের টাকা পেয়ে নিশ্চুপ ছিল। এখনো হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে। রাতে গা ঢাকা দিলেও দিনের বেলা ওরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।’সাতক্ষীরায় জামায়াতের হামলার সময় প্রতিরোধ গড়েছিলেন জেলার ১৪ দলের সমন্বয়ক ও সাতক্ষীরা ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা লুত্ফুল্লাহ। তিনি সমাবেশে অভিযোগ করেন, ‘প্রশাসনে থাকা জামায়াত-শিবিরের লোকজন আমাদের বিভ্রান্ত করেছে। হামলার সময় পুলিশকে জানিয়েছি। কিন্তু সদর থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো ব্যবস্থা নেননি। তাঁকে বদলি করা হয়েছে। কিন্তু এখনো সেই ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’সমাবেশে সংহতি সমাবেশের আয়োজকদের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের চরিত্রে ধর্মনিরপেক্ষতা নেই। সে জন্যই আজ সাম্প্রদায়িক গোষ্ঠী রক্তপাত ঘটাচ্ছে, হামলা করছে। কারণ, তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী।’চট্টগ্রামের সাতকানিয়ার কাজী নূর মোহাম্মদ বলেন, ‘জামায়াতের লোকজন কেবল হামলাই করেনি, পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে। ওদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।’