নির্মল বায়ু, নির্মল জল
ঢাকা শহরের দূষণ কমাতে হলে কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকেই। রান্নাঘরের বর্জ্য, কাগজ, প্লাস্টিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ পৃথক পৃথক ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলতে হবে। আমাদের শহরে এই বর্জ্যগুলো সব একসঙ্গে মিশিয়ে খোলা ডাস্টবিনে ফেলে আসার চল রয়েছে, যা এখনই বন্ধ করা দরকার। খোলা বাতাসের সংস্পর্শে বিভিন্ন পোকামাকড়, মশা-মাছি এসব বর্জ্য থেকে জীবাণু বহন করে। বাতাস দূষিত হয়, পানি দূষিত হয়, দুর্গন্ধ ছড়ায়। কেবল বর্জ্য আলাদা করতে পারলে আর নিরোধক ব্যাগে তা বহন করলেই এ সমস্যা অনেক কমে যায়। আমাদের শহরটা নোংরা করার দায় বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের। সিটি করপোরেশনের কর্তব্য শহরের ল্যাম্পপোস্টে, দেয়ালে ও ফুটপাতের কোণে কোণে প্রচুর ছোট ডাস্টবিন বসানো। গণমাধ্যমে ব্যাপক প্রচার ও স্কুলের পাঠ্যসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে যেকোনো বর্জ্য ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।উন্নত বিশ্বে এখন পরিবেশবান্ধব টয়লেটের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজের মাধ্যমে পয়োবর্জ্য নদীতে ফেলার প্রাচীন পদ্ধতি দ্রুত বন্ধ করতে হবে। চীনে ৯৫ শতাংশ মানববর্জ্য কৃষিজমিতে সার হিসেবে ব্যবহার করা বাধ্যতামূলক। খুব সহজে মানববর্জ্য জৈব সারে পরিণত করা যায়। আর তা রাসায়নিক সারের ওপর আমাদের নির্ভরশীলতাও কমাবে। আমাদের নদীদূষণের অন্যতম কারণ মানববর্জ্য ও কলকারখানার রাসায়নিক বর্জ্য। অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি যেন যথাযথভাবে ব্যবহূত হয়, তা পর্যবেক্ষণ করার জন্য ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) সতর্ক থাকা দরকার।নদীদূষণ কমিয়ে আনলে পানীয় জল হিসেবে আমরা নদীর দ্বারস্থ হতে পারব।আজকের পৃথিবীতে বর্জ্য মানে জ্বালানি; বর্জ্য মানে বিদ্যুৎ, জৈব সার, পশুপাখি-মাছের খাদ্য, বিচিত্র নতুন ব্যবহারিক দ্রব্য। বাংলাদেশকে এই পাল্টে যাওয়া যুগের হাওয়ায় পাল তুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।প্রতিদিন ঢাকা শহরে চার হাজার ২০০ টন এবং ঢাকার পার্শ্ববর্তী শহরগুলোতে ১৫ হাজার টন আবর্জনা জমা হয়। বায়োমেডিকেল, প্লাস্টিক, গ্যাস, সাধারণ আবর্জনা—সবই একসঙ্গে মিশে যায় বলে ওই আবর্জনার আর বিশেষ ভালো কোনো দিক থাকে না। বর্তমানে এক টন আবর্জনার পেছনে খরচ হয় প্রায় দুই হাজার ৪০০ টাকা। কিন্তু সঠিক বর্জ্য-ব্যবস্থাপনা করতে পারলে এ খরচ প্রায় উবে যাবে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই লাভজনক কর্মকাণ্ডে যোগ দিতে পারে, যা অনেক মানুষের কর্মসংস্থান করবে এবং আর্থিক সমৃদ্ধি দেবে।শব্দদূষণ কমাতে হলে শহরে মাইকের ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে; ভাবতে হবে বিকল্প পদ্ধতি। হর্নের ব্যবহার বন্ধ করার জন্য দরকার ট্রাফিক ব্যবস্থাপনা, বিভিন্ন গতির যানবাহনের পৃথক লেন তৈরি করা ও অযথা হর্ন বাজানোর মানসিকতা বর্জন। নির্মাণশিল্পের অগোছালো নির্মাণপদ্ধতি ঢেলে সাজানো দরকার। ইটভাঙা মেশিনের ব্যবহার বন্ধ এবং যত্রতত্র উন্মুক্তভাবে অ্যালুমিনিয়াম ও টাইলস কাটা যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। সাইটে তৈরি করার পরিবর্তে প্রিকাস্ট বা আগে থেকে তৈরি করা উপাদান ব্যবহারের মাধ্যমে নির্মাণশিল্পের পদ্ধতিগত পরিবর্তন করলে শহর সবদিক থেকে নিরাপদ থাকবে। এসব ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানোর বিকল্প নেই।রাস্তার ধারে ও খোলা জায়গায় নানা প্রজাতির গাছ লাগালে তা যেমন শব্দদূষণ কমিয়ে আনবে, তেমনি পরিবেশকে স্নিগ্ধ করবে। বাড়ির ছাদে বা বারান্দায় নানা জাতের গাছ লাগালে শহরে আবার পাখিরা ফিরে আসবে। বাদুড়, চামচিকা বা পেঁচার মতো নগরে বিলুপ্তপ্রায় পাখি ও প্রাণিকুল ফিরে এলে পোকামাকড়, মশা, ইঁদুর খেয়ে আমাদের পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে দিতে পারে। একটা বাদুড় এক সন্ধ্যায় প্রায় দুই হাজার মশা খেতে পারে। খোলা জায়গায় ঘাস লাগালে শহরে ধুলাবালির প্রকোপ কমবে। গাছ লাগানোর পর পানি শোষণের জায়গা রাখতে হবে, সব জায়গা যেন কংক্রিটে ঢেকে না যায়।কোনো দ্রব্যকে কত দ্রুত পরিবেশের কাছে নির্দোষভাবে ফিরিয়ে দেওয়া যায়, সেই ভাবনা মাথায় রেখে পণ্য উৎপাদন করার জন্য সামগ্রিক পরিকল্পনা ও উদ্যোগ দরকার। এই সবকিছুর জন্য চাই পরিবেশবিজ্ঞানের শিক্ষা এবং সর্বস্তরে তার প্রয়োগ। স্ট্যানফোর্ড স্কুল অব বিজনেস, কর্নেল ও এমআইটিসহ বিশ্বের অনেক নামীদামি বিশ্ববিদ্যালয়ে আজকাল বর্জ্য-ব্যবস্থাপনা নিয়ে পড়ানো হচ্ছে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে পড়ানোর সময় এসে গেছে। মেধাবী শিক্ষার্থীরা তাহলে তাদের অর্জিত জ্ঞান ও সৃজনশীলতা দিয়ে আবর্জনাকে আরও কার্যকরভাবে ব্যবহারের পথ বের করতে পারবে।ঢাকার ঊর্ধ্বমুখী জনসংখ্যাও অবিলম্বে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। জনঘনত্ব কমলে দূষণের মাত্রাও কমে আসবে। এসব কার্যক্রম যাতে মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার ও সহযোগী প্রতিষ্ঠান পর্যন্ত সম্প্রসারিত হতে পারে, তার জন্য সহজ ও প্রয়োগযোগ্য পরিকল্পনা দরকার। পাশাপাশি নগরবাসীও যদি এ ব্যাপারে উদ্বুদ্ধ হয়, দূষণমুক্ত ঢাকা তাহলে সময়ের ব্যাপার মাত্র।[email protected]@wasteconcern.orgমোহাম্মদ রহমতউল্লাহ: সহ-উপাচার্য, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ।মাকসুদ সিনহা: পরিচালক, ওয়েস্ট কনসার্ন।