নির্মল সেনের দেহদানের বিষয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব সাংবাদিক ও কলাম লেখক নির্মল সেনের দেহ দান করার বিষয়ে আবেদন করেছে তাঁর পরিবার। গত বুধবার পরিবারের পক্ষ থেকে তাঁর ভাতিজা রতন কুমার সেনগুপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের বরাবরে লিখিতভাবে নির্মল সেনের এই ইচ্ছার কথা জানিয়েছেন।রতন সেনগুপ্ত বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের আবেদন অনুমোদন করেছেন। তার পরও আমরা চাই জেঠু সুস্থ হয়ে উঠুন। আবার কলম হাতে তুলে নিন।’তিনি বলেন, নির্মল সেন ২০০৩ সালের ১১ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (ব্রেইনস্ট্রোক) আক্রান্ত হন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দুই মাস চিকিত্সার পর দেশে ফিরে তিনি সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ভর্তি হন। তবে তিনি আর কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেননি। এরপর থেকে তিনি কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে বাস করছিলেন। সম্প্রতি নির্মল সেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) ৪৩৪ নম্বর কক্ষের এক নম্বর বেডে কৃত্রিম ব্যবস্থায় (লাইফ সাপোর্ট) বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।