নির্মল সেনের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেলে হস্তান্তর (ভিডিও)
আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধাঞ্জলি শেষে বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব সাংবাদিক নির্মল সেনের মরদেহ আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়েছে। নির্মল সেনের ভাইয়ে ছেলে কঙ্কন সেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘নির্মল সেন চেয়েছিলেন তাঁর মরদেহ যেন চিকিত্সা বিজ্ঞানের গবেষণার জন্য দেওয়া হয়। সে অনুযায়ী আজ দুপুর একটায় তাঁর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ও অ্যানাটমি বিভাগের চিকিত্সকরা এ সময় উপস্থিত ছিলেন।’ এর আগে আজ সকাল ১১টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর মরদেহ লাল পতাকা দিয়ে ঢাকা ছিল। রাষ্ট্রপতির পক্ষে তাঁর একান্ত সচিব মোমিনুল ইসলাম নির্মল সেনের কফিনে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রয়াত এই সাংবাদিকের পরিবার থেকে শ্রদ্ধা জানানো হয়।আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সম্পাদকমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতা-কর্মীরা ফুল দিয়ে নির্মল সেনের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মোহম্মদ নাসিম বলেন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক আন্দোলনে দেশ গড়ার লড়াইয়ে রাজপথে থেকে ভূমিকা রেখেছেন নির্মল সেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ অন্য নেতারা নির্মল সেনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। খোকা বলেন, নির্মল সেন ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ শিরোনামে যে ঐতিহাসিক লেখা লিখেছিলেন, তার বাস্তবতা আজও বিরাজ করেছে। তাঁর রেখে যাওয়া আদর্শ লড়াই সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।সিপিবির পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, নির্মল সেন আদর্শ, নিষ্ঠাবাদী ও সংগ্রামী মানুষ ছিলেন। বিত্ত-বৈভব তাঁকে আকৃষ্ট করতে পারেনি। তিনি মেহনতী মানুষের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন।
নির্মল সেনের প্রতি আরও শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না প্রমুখ। এছাড়াও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজতান্ত্রিক নাগরিক ঐক্য, বিপ্লবী নারী ফোরাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সমাজচিন্তা ফোরাম, নিজেরা করিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনতা নির্মল সেনকে শ্রদ্ধা জানান।এরপর ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা হিসেবে নির্মল সেনকে গার্ড অব অনার প্রদান করে।এর আগে আর সকাল নয়টার দিকে নির্মল সেনের মরদেহ ল্যাব এইডের মরচুয়ারিতে থেকে তোপখানা রোডে দলীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। প্রেসক্লাবে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাব-এডিটরস কাউন্সিল, প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন, কোটালীপাড়া প্রেসক্লাব, বাংলাদেশ কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধাপত্র পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। এর আগে নির্মল সেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তাঁর সহকর্মী জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘তাঁর (নির্মল সেন) নামের মতো তিনিও নির্মল ছিলেন। তিনি অত্যন্ত নির্লোভ ছিলেন। রাজনীতি করলেও সাধারণ মানুষের কাছে তিনি লেখক ও সাংবাদিক হিসেবেই পরিচিত ছিলেন।’সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘নির্মল সেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারসহ অসাম্প্রদায়িক দেশ গড়তে মানুষ উন্মুখ হয়ে আছে, তখন এ আন্দোলনের এক অগ্রপথিক চলে গেলেন।’ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ অবস্থায় বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন।নির্মল সেনের বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর জন্ম ১৯৩০ সালের ৩ অগাস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায়।