নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে চলচ্চিত্র
নির্মলেন্দু গুণের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ কবিতা থেকে চলচ্চিত্র তৈরি করছেন মাসুদ পথিক। ছবির নাম নেকাব্বরের মহাপ্রয়াণ। ২০১১ সালে এটি সরকারি অনুদান পেয়েছে। ছবিটির শুটিং হয় গত ২৬ মার্চ। ওই দিন শুটিং হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগে। শুটিংয়ে অংশ নিয়েছেন জুয়েল জহির, লাবণ্য লিজা ও বাদল শহীদ। তাঁরা সবাই জড়িত আছেন মঞ্চের সঙ্গে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা জানালেন নির্মাতারা। তখন নির্মলেন্দু গুণ ছিলেন রাজশাহীতে। মুঠোফোনে তিনি এই প্রতিবেদককে বললেন, ‘চলচ্চিত্র তৈরি হতে পারে—আমার লেখা এমন অনেক কবিতা আছে। এর আগে তানভীর মোকাম্মেল তৈরি করেছিলেন হুলিয়া। এবার মাসুদ পথিক করছেন নেকাব্বরের মহাপ্রয়াণ। আমি কিন্তু এই ছবিতে অভিনয়ও করব।’যদিও তাঁর লেখা কবিতা নিয়ে তৈরি হচ্ছে ছবিটি, কিন্তু চিত্রনাট্য দেখার কোনো প্রয়োজন মনে করেননি নির্মলেন্দু গুণ। বললেন, ‘ওটা মাসুদ পথিকের কাজ। একটু স্বাধীনতা দেওয়া উচিত। তা না হলে ভালো কাজ হবে কীভাবে।’মাসুদ পথিক জানালেন, এই ছবিতে আরও অভিনয় করবেন অসীম সাহা, মামুনুর রশীদ, জয়রাজ প্রমুখ।