নির্মাণও শেষ হয় না অনিয়মও থামে না
নাটোরের গুরুদাসপুর নন্দকুঁজা নদীর কামারপাড়া পয়েন্টে নির্মাণাধীন ব্রিজের কাজ প্রায় চার বছরেও শেষ হয়নি। এতে দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। থেমে আছে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড। গুরুদাসপুর এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে এক কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় বরাদ্দে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। ২০০৮ সালের মধ্যে এটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় চার বছর হতে চললেও ব্রিজটির নির্মাণকাজ আজও শেষ হয়নি। নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মিতা কনস্ট্রাকশন কাজটি করছে।ঠিকাদার লাকি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে সময়মতো টাকা বরাদ্দ না পাওয়া, নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং নদীতে পানি থাকায় সময়মতো কাজটি করা যায়নি। বর্তমানে অনুকূল পরিবেশ থাকায় কাজ আবার শুরু হয়েছে। আগামী বছরের (২০১১ সাল) জুনের মধ্যেই কাজ শেষ করতে পারব বলে আশা করছি।’ নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে না বলে ঠিকাদার দাবি করেন।তবে স্থানীয় লোকজন অভিযোগ করেন, টানা দুই বছর ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে গত বছরের অক্টোবর থেকে আবার কাজ শুরু হয়েছে। কিন্তু নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ব্রিজের টপ ঢালাই ভেঙে পড়ে। এ ঘটনা এলাকার শত শত মানুষ প্রত্যক্ষ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু ঠিকাদার সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করে তড়িঘড়ি করে নির্মাণকাজ চালিয়ে যেতে থাকেন। পরে নদীতে পানি চলে আসায় কাজ আবার বন্ধ হয়ে যায়।উপজেলা প্রকৌশলী মো. মহব্বত আলী জানান, ঠিকাদারের অবহেলায় নির্মাণকাজ সময়মতো শেষ করা যায়নি। ঢালাই ভেঙে পড়া প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, নদীর নরম মাটিতে খুঁটি পুঁতে টপ ঢালাই করায় ব্রিজটি ভেঙে পড়েছিল। এ ছাড়া বাকি সবকিছু ঠিকমতোই চলছে। নদীর পানি শুকিয়ে গেলেই নির্মাণকাজ আবার শুরু হবে।