রাজবাড়ী শহর রক্ষা বাঁধের ঢাল নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ধস নেমেছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের উপকরণ দিয়ে কংক্রিটের ব্লক তৈরি ও কাজের মান ভালো না হওয়ায়ই এই ধস নামার কারণ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে ২০০৯-১০ অর্থবছরে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধের গোদারবাজার ঘাট থেকে সোনাকান্দর পর্যন্ত আড়াই কিলোমিটার অংশে কংক্রিটের ব্লক দিয়ে ঢাল নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি শেষ হবে ২০১১-১২ অর্থবছরে। ঢাকার এটকো ইন্টারন্যাশনাল ৪১০ মিটার, ঢাকার দি ভূঁইয়া ইঞ্জিনিয়ার্স লিমিটেড ২১০ মিটার, মাদারীপুরের মেসার্স ফারজানা খান ৪২৫ মিটার, রংপুরের মেসার্স আইয়ুব হোসেন ৬০০ মিটার, সিলেটের মেসার্স জামিল ইকবাল এন্টারপ্রাইজ ৬৫০ মিটার ও ঢাকার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ২০৫ মিটার অংশে ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দায়িত্ব পায়।সরেজমিনে দেখা যায়, এটকো ইন্টারন্যাশনালের নির্মাণাধীন অংশের মধ্যে গোদারবাজার ঘাটসংলগ্ন ও ইটভাটার কাছে দুটি অংশে ধস নেমেছে। এ ছাড়া দি ভূঁইয়া ইঞ্জিনিয়ার্সের নির্মাণাধীন ২১০ মিটারের মধ্যে ইটভাটাসংলগ্ন ও এর পূর্ব দিকে তিনটি স্থানে ধস নেমেছে।স্থানীয় বাসিন্দা ফারুক উদ্দিন অভিযোগ করেন, ব্লক তৈরিতে প্রয়োজনীয় সিমেন্ট ও খোয়া না দেওয়ায় এর আগেও একবার ঢাল ধসে গিয়েছিল। তখন ঠিকাদারেরা নদীতে তীব্র স্রোতের দোহাই দিয়েছিলেন।কাজ শেষ না হতেই ধস নামার কারণ জানতে চাইলে এটকোর কর্মকর্তা জামাল শেখ প্রথম আলোকে বলেন, ‘নদীতে তীব্র স্রোত ও বাঁধের ওপর থেকে নেমে আসা পানির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ওই অংশ আবার মেরামত করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।’এ বিষয়ে জানতে চাইলে ভূঁইয়া ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা শেখ মো. লিটন প্রথম আলোকে বলেন, ‘ব্লকের মান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পরীক্ষা করে আনা হয়েছে। কাজেই ব্লকের মান ঠিকই আছে। তবে কাজ শুরু করার সময় নদীতে বেশি পানি থাকার কারণে হয়তো ধস নেমেছে।’যোগাযোগ করা হলে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কাজটি চলমান; এবং কাজের অগ্রগতি সন্তোষজনক। কাজের সব উপকরণ নদী গবেষণা কেন্দ্র থেকে পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ব্লক পরীক্ষা করে দেখেছে। কাজের মান অবশ্যই ভালো হবে।’