নির্মাণকাজে ধীরগতি ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন
ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজে ধীরগতির প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষ মানববন্ধনের মাধ্যমে সড়ক অবরোধ করে। এ সময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত আইটিসিএল-এসইএল (জেভি) কোম্পানির বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ করেন। বক্তব্য দেন সাবেক সাংসদ জয়নুল আবেদিন জায়েদী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুুস ছাত্তার প্রমুখ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে আরএনআইএমপি প্রকল্পের আওতায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সড়কের শম্ভুগঞ্জ চায়না মোড় থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা সদর পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছে আইটিসিএল-এসইএল (জেভি)। কিন্তু দেড় বছরে শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়া পর্যন্ত তিন দফায় প্রায় ১৬ কিলোমিটার রাস্তার কাজ শেষ হলেও বাকি চার কিলোমিটারে কোনো কাজই হয়নি। এখন কাজ পুরো বন্ধ রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মির্জা এ এম বেগ জানান, টাকা না পাওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না।