সফুরা বেগম নির্মাণশ্রমিক। মাটি ও ইটের বোঝা মাথায় করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া তাঁর কাজ। তিনি জানান, সকাল ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করেন। রান্নাবান্না সেরে তিন সন্তানকে খাইয়ে নিজের দুপুরের খাবার নিয়ে কাজে আসেন। সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত টানা কাজ করেন। দুপুরে অন্য নির্মাণশ্রমিকদের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়ে নেন। এরপর আবার টানা বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করেন। সফুরা বেগম প্রতিদিন মজুরি পান ২৫০ টাকা। পুরুষ নির্মাণশ্রমিকেরা মজুরি পান ৩০০ টাকা।সফুরা এখন কাজ করছেন মিরপুর স্টেডিয়ামের চারপাশে। বিশ্বকাপ উপলক্ষে নির্মাণকাজ চলছে দিন-রাত। সেখানে পুরুষ শ্রমিকেরা দিন-রাত কাজ করছেন। মহিলারা শুধু দিনে কাজ করেন। সফুরা বেগম বলেন, ‘তাঁর স্বামী চার বছর আগে দ্বিতীয়বার বিয়ে করেছেন। ওই স্ত্রী নিয়ে তিনি থাকেন কচুক্ষেত এলাকায়। তিন মেয়ে নিয়ে সফুরা থাকেন মিরপুর ৬ নম্বর সেকশনে। তাঁদের ঘরভাড়া এক হাজার ২০০ টাকা।’সফুরার ছোট দুই মেয়ে স্কুলে পড়ে। তিন মেয়ে মিলে বিকেলে চিতই পিঠা বিক্রি করেন। বিকেলে কাজ সেরে বাসায় গিয়ে গোসল করেন। তারপর রান্না সারেন। রাত ১০টার দিকে মেয়েরা পিঠা বিক্রি করে বাসায় ফেরে। পিঠা বেচে তাদের প্রতিদিন শ দেড়েক টাকা লাভ হয়। সফুরার বড় মেয়ে লাভলীর বয়স ১৬ বছর। তার বিয়ের প্রস্তাব আসছে। তিনি জানান, বড় মেয়ের বুদ্ধিসুদ্ধি কম। পাড়ার এক ছেলে ওর পিছে ঘোরাঘুরি করে। ‘আমি থাকি কামে, মাইয়াডা থাকে ঘরে। কাজের মইধ্যে সারাক্ষণ চিন্তা করি।’ বলেন সফুরা।সফুরার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘরে। স্বামীর বাড়ি কালীগঞ্জে। তিনি বলেন, ‘শ্বশুরবাড়ি ও বাপেরবাড়ি কারোর অবস্থাই ভালো না। একবেলার বেশি দুই বেলা খাওয়ানোর অবস্থা নাই। তাগোর অবস্থা ভালো থাকলে বড় মাইয়া লাভলীরে দেশে পাঠাইয়া দিতাম।’