নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখায় ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি নির্মাতা প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর গুলশান এলাকায় নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।আজ বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত গুলশান ২ নম্বর এলাকায় অভিযান চালান। আদালত এএনজেড আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের দুটি প্রকল্পের প্রতিটিকে ২০ হাজার টাকা করে, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনকে ২০ হাজার টাকা, এ ছাড়া আরও দুটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া নির্মাণাধীন একটি চাইনিজ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, নির্মাণসামগ্রী রাস্তা ও ফুটপাতে ফেলে রেখে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিটি করপোরেশন আইনের ১৫০-এর ৭ ধারায় এ জরিমানা করা হয়েছে। ধারায় নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ ও জসিম উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযানে অংশ নেন সিটি করপোরেশনের দুজন সহকারী প্রকৌশলী ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।ঢাকা সিটি করপোরেশনের পেশকার মোহাম্মদ মিজান জানান, দুপুর ১২টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত গুলশান ২ নম্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।