নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত হওয়া শ্রমিক স্বপন সিকদার (২০) আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশের অভিযোগ, ওই ভবনে কোনো নিরাপত্তা-ব্যবস্থা ছিল না।সবুজবাগ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার বিকেল চারটার দিকে উত্তর মানিকনগর পুকুরপাড় এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় ঢালাইয়ের কাজ করছিলেন স্বপন। একপর্যায়ে তিনি পা ফসকে নিচে একটি টিনের ঘরের ওপর পড়েন। গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ ভোর চারটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে সবুজবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় এক নারী ওই ছয়তলা ভবনের মালিক। ভবনটির একেক তলা নির্মাণ করে ভাড়া দেওয়া হয় এবং বেশ কিছুদিন পরপর ওপরে অন্য তলাগুলো নির্মাণ করা হয়। তাই, স্বভাবতই ওই ভবনে নিরাপত্তা-ব্যবস্থার কোনো বালাই ছিল না।নিরাপত্তা-ব্যবস্থা না থাকার অভিযোগে কেন ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি—জানতে চাইলে এসআই মাহাবুবুর বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।