নির্মাণাধীন ভবন পথচারীর জন্য বিপজ্জনক!
জাল দিয়ে ঢেকে ও নিরাপত্তা-মাচা তৈরি করে ভবন নির্মাণের বিধান রয়েছে। তবে রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবনের মালিকপক্ষ বা নির্মাতাপ্রতিষ্ঠান অধিকাংশ সময় তা মানছে না বলে অভিযোগ উঠেছে। এ কারণে নির্মাণাধীন ভবনগুলো পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে দেখা দিয়েছে।১৬ জুলাই পান্থপথে নির্মাণাধীন ১৮তলা ভবন থেকে মাথায় ইট পড়ে মারা যান কলেজছাত্র হাবিবুর রহমান। শমরিতা হাসপাতাল থেকে অসুস্থ মাকে দেখে তিনি বাসায় ফিরছিলেন।প্রায় দুই মাস আগে মগবাজারে একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এক কিশোরের মৃত্যু হয়। একইভাবে দক্ষিণ খানে মারা যায় আরেক শিশু। গত বছরের ৭ ডিসেম্বর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মারা যান ব্যবসায়ী নূর আলম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আহত হওয়ার অনেক ঘটনা ঘটে। আর ভবনের ওপর থেকে ইট, কাঠ, পাথর, রড, বাঁশ, যন্ত্রপাতি, পাইপসহ নির্মাণসামগ্রী পড়ার প্রকৃত ঘটনা অনেক বেশি। এসব ঘটনার প্রধান শিকার পথচারী।সরেজমিন: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসারে, নির্মাণাধীন ভবন নাইলনের জাল দিয়ে ঢেকে দিতে হবে। কাজ চলা অংশের কমপক্ষে তিন-চার মিটার নিচ পর্যন্ত এই জাল থাকতে হবে। নির্মাণসামগ্রী যেন পড়ে না যায়, সে জন্য বাইরের দেয়ালে নিরাপত্তামূলক মাচা বা বেষ্টনী রাখতে হবে। এ মাচা থাকবে নির্মাণকাজের শুরু থেকে শেষ পর্যন্ত। এ ছাড়া ভবনের চারপাশে পর্যাপ্ত বিপৎসংকেত, নোটিশ বোর্ডে বিপদের চিহ্ন অথবা রঙিন আলো দিয়ে বিপদ চেনার ব্যবস্থা করতে হবে। বিধি অনুসারে, নিরাপত্তার এসব ব্যবস্থা নিশ্চিত করবে ভবনের মালিক বা নির্মাতাপ্রতিষ্ঠান।গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ নির্মাণস্থলে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি ভবনের মালিক বা নির্মাতাপ্রতিষ্ঠান। কেউ হয়তো শুধু নিরাপত্তা-মাচা তৈরি করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে, কেউ শুধু জাল ব্যবহার করছে। মাচা ও জাল ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।ধানমন্ডি ৯/এ নম্বর সড়কের একটি বহুতল ভবনে জাল বা মাচার কোনোটিই নেই। মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার একটি নির্মাণস্থলেও একই দৃশ্য দেখা গেছে।রাসেল স্কয়ার থেকে পান্থপথ ধরে গ্রিন রোড পর্যন্ত এলে রাস্তার দুই পাশে আটটি নির্মাণাধীন বহুতল ভবন চোখে পড়ে। ভবনগুলোর মালিকপক্ষের কেউই একসঙ্গে জাল ও মাচা ব্যবহার করেনি। একটি ভবনে জাল ও মাচার কোনোটিই নেই। ছয়টি ভবনে শুধু মাচা রয়েছে। ১৬ জুলাইয়ের দুর্ঘটনার পর সাগুফতার ভবনটিতে মাচা তৈরি করতে দেখা গেছে, তারা জালও ব্যবহার করছে।ইন্দিরা রোডের মুখে একটি নির্মাণস্থলে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।পান্থপথ ও লেকসার্কাসের বাসিন্দারা জানান, রাস্তায় হাঁটতে তাঁরা ভয় পান। কখন মাথার ওপর কী পড়ে, তার কোনো হদিস নেই।ইট পড়ে মৃত্যুর ঘটনা: এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পান্থপথে নির্মাতাপ্রতিষ্ঠান সাগুফতার নির্মাণাধীন ১৮তলা ভবন থেকে ইট, পাথর পড়ার ঘটনা আগেও ঘটেছে। এসব দুর্ঘটনার শিকার হয়েছে স্থানীয় লোকজন ও পথচারী। তার পরও নির্মাতাপ্রতিষ্ঠান সতর্ক হয়নি। ভবনের ইটের আঘাতে প্রাণ দিতে হয়েছে পথচারী হাবিবুর রহমানকে।স্থানীয় লোকজন জানান, গত ছয় মাসে অন্তত চারবার নির্মাণাধীন ওই ভবনে দুর্ঘটনা ঘটেছে। মাস দুয়েক আগে ওই ভবন থেকে পড়ে একজন নির্মাণশ্রমিক মারা যান। পাঁচ-ছয় মাস আগে ওপর থেকে পাথর পড়ে এক ব্যক্তির মাথা ফাটে।ওই এলাকায় কলাবাগান হেয়ার ড্রেসারের মালিক আবদুল কাইয়ুম জানান, আগে ভবনটির সামনে চটের ছালা ঝোলানো ছিল। মাস খানেক আগে ওয়েল্ডিং করার সময় ছালায় আগুন ধরে প্রায় পুরোটাই পুড়ে যায়। এরপর আর ছালা লাগানো হয়নি।পাশেই অহনা ফার্নিচারের স্বত্বাধিকারী রাসেল চৌধুরী জানান, তিন মাস আগে ওই ভবনের নিচে তাঁর গাড়ি দাঁড় করানো ছিল। ওপর থেকে একটি পাথর গাড়ির ওপর পড়ে। এতে গাড়ির সামনের কাচ ফেটে যায়।এলাকাবাসীর অভিযোগ, বারবার এ রকম দুর্ঘটনা ঘটলেও নির্মাতাপ্রতিষ্ঠান সাগুফতা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।গতকাল দুপুরে দেখা গেছে, ভবনের মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া। ভবনের সামনের দিকের (দক্ষিণ) পুরোটাই নাইলনের জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ ছাড়া তিনতলা বরাবর টিন দিয়ে নিরাপত্তা-মাচা তৈরি করা হয়েছে।জানতে চাইলে নির্মাতাপ্রতিষ্ঠান সাগুফতার বিপণন ব্যবস্থাপক আবু শোয়েব খান মুঠোফোনে প্রথম আলোকে জানান, আগে ভবনের ১০তলা ও দোতলা বরাবর নিরাপত্তা-মাচা ছিল। ভবনের বাইরে কাচ লাগানোর জন্য মাস খানেক আগে মাচা খোলা হয়েছিল। এ ছাড়া ওই ভবন থেকেই যে ইট পড়েছে, বিষয়টি নিশ্চিত নয়। কারণ, ওখানে ইটের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে।মামলা: ১৬ জুলাই মাথায় ইট পড়ে মৃত্যুর ঘটনায় নিহত কলেজছাত্র হাবিবুর রহমানের মামা মো. ফারুক হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। সাগুফতা এনএম হাউজিংয়ের মালিক এবং পান্থপথের ওই ভবনের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়। মামলায় ভবন নির্মাণের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না নেওয়া এবং কাজে অবহেলার অভিযোগ আনা হয়েছে।