নির্মাণাধীন শ্রেণীকক্ষের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে নির্মাণাধীন শ্রেণীকক্ষের দেয়াল ভেঙে চাপা পড়ে গতকাল মঙ্গলবার সকালে এক শিশু শিক্ষার্থী মারা গেছে। প্রথম শ্রেণীর ওই শিক্ষার্থীর নাম জোবায়ের আহমদ (৭)। রাজধানীর বনশ্রীর ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জোবায়েরের দুই সহপাঠী আহত হয়। তাদের মধ্যে এইচ এম উল্লাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশরাফুল হককে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিদ্যালয় ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে নয়টায় ১৫ মিনিটের বিরতি শুরু হলে ওই তিনজন উত্তর দিকের নির্মাণাধীন শ্রেণীকক্ষে যায়। সেখানে তাদের দুজন দেয়ালের সঙ্গে থাকা একটি রশি ধরে ওঠার চেষ্টা করে। এ সময় দেয়ালটি ভেঙে তাদের ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। চিৎকার শুনে শিক্ষক ও অভিভাবকেরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১১টার দিকে জোবায়ের মারা যায়।জোবায়েরের মৃত্যুতে তার বাবা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তিনি সপরিবারে দক্ষিণ বনশ্রীতে থাকেন। তাঁর দুই সন্তানের মধ্যে জোবায়ের ছোট, মেয়ে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। সকাল ১০টার দিকে মেয়ে ফোন করে দুর্ঘটনার খবর দেয়।মনিরুজ্জামান অভিযোগ করেন, নির্মাণাধীন ওই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে ব্যবস্থা না নিয়ে চরম অবহেলা করেছে কর্তৃপক্ষ। তিনি এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রথমে মামলা করতে চাইলেও স্বজনদের পরামর্শে তা করছেন না। তিনি বলেন, ‘আমি মাফ করে দিয়েছি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’উল্লাসের চাচাতো ভাই আসাদুর রহমানও কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন।এদিকে দুর্ঘটনার পরপর বিদ্যালয়ে ছুুটি ঘোষণা করে শিক্ষকেরা হাসপাতালে যান। জোবায়েরের মৃত্যুতে তার ও আহত দুজনের স্বজনদের মতো শিক্ষকেরাও প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন।আহত আশরাফুল হক জানায়, সে দেয়ালের পাশে দাঁড়িয়েছিল, জোবায়ের ও উল্লাস রশি বেয়ে দেয়ালে উঠছিল। এ সময় দেয়ালটি ভেঙে পড়ে।ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এমদাদুর রহমান বলেন, এক মাস আগে ওই শ্রেণীকক্ষের জন্য নয় ফুট উঁচু দেয়াল তোলা হয়। অবহেলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘নির্মাণাধীন শ্রেণীকক্ষের আশপাশে না যাওয়ার জন্য শিক্ষার্থীদের মৌখিকভাবে বলা হয়েছিল। তারা যাতে ওই দিকে না যায় সে জন্য বিরতির আগে ক্লাস নেওয়া শিক্ষক ও চারজন বুয়াকে দায়িত্বও দেওয়া হয়। এ ছাড়া এক মাস আগে নির্মিত দেয়াল এভাবে ভেঙে পড়বে তাও ভাবা যায় না। এতে শিক্ষক, বুয়া, ঠিকাদার ও শ্রমিকদের অবহেলা আছে। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার পরও স্কুলের প্রধান হিসেবে এ দায় আমার।’খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মহিতুল ইসলাম বলেন, রশিটি জব্দ করা হয়েছে। তবে তা দেয়ালে কীভাবে এল তা জানা যায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।