নির্যাতনকারী পুলিশ পরিবার হাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় শিশুগৃহকর্মী রোমেলা খাতুনের নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার নূরে আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলা দায়েরের পরপরই উপপরিদর্শকের (এসআই) স্ত্রী সুইটি বেগমকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর এসআই শাহেদ আলীকে চট্টগ্রাম পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি রিপোর্ট করেননি। তাই তাঁদের দুজনকেই গ্রেপ্তারের জন্য পাবনার সাঁথিয়া, সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ তাঁদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক। তবে তাঁদের ধরতে অভিযান চলছে।এদিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শিশুগৃহকর্মী রোমেলা খাতুন আজ মঙ্গলবার দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি বিজন বড়ুয়া তাকে আদালতে হাজির করলে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।আদালতে রোমেলার বক্তব্য রেকর্ড করার পর ওসি বিজন বড়ুয়া প্রথম আলো অনলাইনকে বলেন, মেয়েটি গুরুতর অসুস্থ থাকায় ১৪ নভেম্বর হাসপাতাল থেকে তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল। সেদিনের বক্তব্যর সঙ্গে আদালতে দেওয়া জবানবন্দির সম্পূর্ণ মিল রয়েছে। তার দেওয়া জবানবন্দি ও তদন্ত সাপেক্ষে ৬০ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।রোমেলার দেওয়া জবানবন্দির বরাত দিয়ে বিজন বড়ুয়া বলেন, রোমেলা চট্টগ্রামের সীতাকুণ্ড থানার এসআই শাহেদ আলীর বাসায় ছয় মাস কাজ করে। কাজ শুরুর প্রথম দিকে পুলিশ দম্পতি তার সঙ্গে ভালো ব্যবহার করলেও কিছুদিন পর থেকে অত্যাচার শুরু হয়। শাহেদের স্ত্রী সুইটি বেগম তাকে নানা অজুহাতে পেটাতেন। কাজ করলেও পেটাতেন, না করলেও পেটাতেন। রুটি বানানো বেলন, রুটি ছেঁকা গরম খুন্তি, চামচসহ হাতের কাছে যা পেতেন, তা দিয়েই পেটাতেন। কয়েকবার তার শরীরে গরম পানি ও গরম তরকারি ঢেলে দেওয়া হয়েছে। মারের পর রক্ত বের হলে সে রক্ত শুকানোর পর আবার পেটাতেন। একবার মারের আঘাতে তার ঠোঁট কেটে গেলে সুইটি বেগম কাপড় সেলাই করা সুঁই সুতা দিয়ে তার ঠোঁট সেলাই করে দিয়েছিলেন। শাহেদ আলী বিষয়গুলো জেনেও স্ত্রীকে কিছু বলতেন না। একদিন তার হাত থেকে একটি প্লেট পড়ে ভেঙে গেলে সুইটি বেগম তাকে গরম খুন্তি দিয়ে ছেঁকা দিয়েছিলেন।প্রসঙ্গত, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের ইয়াজ উদ্দিনের মেয়ে রোমেলা খাতুন সীতাকুণ্ড থানার এসআই শাহেদ আলীর বাসায় কাজ করত। সেখানে শাহেদের স্ত্রী সুইটি বেগম তার ওপর নির্যাতন চালাতেন। বর্তমানে রোমেলা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় রোমেলার বাবা ইয়াজ উদ্দিন বাদী হয়ে শাহেদ আলী ও তার স্ত্রী সুইটি বেগমকে আসামি করে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব চট্টগ্রাম ডিবি পুলিশকে দেওয়া হয়।