নির্যাতনকারী সেই ওসিকে শনাক্ত করলেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সামনে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের।গতকাল সোমবার দুপুরে কাদেরকে খিলগাঁও থানায় ডেকে নিয়ে যান তদন্ত কমিটির প্রধান আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশীষ রঞ্জন। পরে কাদের প্রথম আলোকে জানান, তাঁকে গ্রেপ্তারের পর খিলগাঁও থানায় নিয়ে কোন কক্ষে, কে, কীভাবে নির্যাতন করেছিলেন, সে সম্পর্কে জানতে চেয়েছেন তদন্ত কমিটির প্রধান। এরপর কমিটি কাদেরকে নিয়ে থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করে। কাদের থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের কক্ষটি শনাক্ত করেছেন, যেখানে তাঁকে নির্যাতন করা হয়েছিল।কাদের বলেন, ‘এরপর থানার একটা কক্ষে সিভিল ড্রেসে ছয়-সাতজন লোকের সামনে নিয়ে আমাকে বলা হয়, এঁদের মধ্যে কাকে কাকে চেন? আমি একজনকে দেখিয়ে বলি, উনাকে আমি চিনি, উনিই আমাকে চাপাতি দিয়ে কুপিয়েছিলেন।’পরে খিলগাঁও থানার এক কর্মকর্তা জানান, কাদের ওসি হেলাল উদ্দিনকেই শনাক্ত করেছেন। তিনি আরও জানান, কাদের থানায় পৌঁছার আগে ঘটনাসংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।কাদের বলেন, ‘তদন্ত কমিটির প্রশ্নের জবাবে আমি বলেছি, আটকের পরদিন সকাল নয়টা থেকে ১০টার দিকে তিন-চারজন পুলিশ সদস্য আমাকে ধরে ওসির কক্ষে নিয়ে যান। ওসি হেলাল “তোর সঙ্গে আর কে কে ছিল বল” বলেই আমাকে মারা শুরু করেন। আমি জানাই, স্যার, রাতে আমি হলি ফ্যামিলি হাসপাতালের পাশে খালার বাসা থেকে ইউনিভার্সিটির হলে ফিরছিলাম। কিন্তু ওসি তা বিশ্বাস করেননি। এরপর তিনি একটি চাপাতি ধার দিতে দিতে বলছিলেন, “ছেলেটির শরীরে আর মারার জায়গা নাই। তার পরও সে একটা নামও বলে না।” এরপর “দেখি, চাপাতিটির ধার কেমন” বলেই ওসি আমার বাম পায়ে কোপ মারেন।’ঘটনাস্থল পরিদর্শন ও কাদেরের বক্তব্য নেওয়ার পর তদন্ত কমিটির প্রধান আশীষ রঞ্জন সাংবাদিকদের জানান, এ ঘটনা তদন্তে সবার বক্তব্য নেওয়া হবে। তিনি আগামীকাল বুধবার আবার থানায় যাবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ছাত্র আবদুল কাদেরকে ডাকাত সন্দেহে গত ১৫ জুলাই রাতে গ্রেপ্তার করে খিলগাঁও থানার পুলিশ। এরপর তাঁকে নির্যাতন করে এবং তাঁর বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগ ও অস্ত্র আইনে খিলগাঁও থানায় দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া মোহাম্মদপুর থানার একটি গাড়ি চুরির মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা মানববন্ধন পালন করেন এবং সংবাদপত্রে লেখালেখির পর গত ২৮ জুলাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে কাদেরকে জামিনে মুক্তির নির্দেশ এবং চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত এবং কাদেরের নির্যাতনের ঘটনা তদন্তের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন।এর পরিপ্রেক্ষিতে যুগ্ম সচিব আশীষ রঞ্জনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিলকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটিও পৃথকভাবে তদন্ত করছে। এ ছাড়া কাদেরের বিরুদ্ধে পুলিশের করা মামলাগুলো এখন তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।