নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া নারী ও শিশুদের ওপর আক্রমণের ঘটনা দমন করা সম্ভব নয়। রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে এনজিওর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এইচ টি ইমাম এ কথা বলেছেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এনজিওবিষয়ক ব্যুরো আজ রোববার এই সভার আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি এইচ টি ইমাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত সরকার ও এনজিওগুলো একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।’ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, বিগত কয়েক দশকে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সামাজিক দুর্বৃত্তায়ন বেড়ে গেছে। এ ক্ষেত্রেও সরকার-এনজিও একসঙ্গে কাজ করতে পারে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কেবল আইন করলেই চলবে না, সেগুলোর বাস্তবায়ন করতে হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘নীতি নির্ধারণের সময় সবার কথা ভাবতে হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক রওনক মাহমুদ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ওয়াহিদ উজ জামান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সেভ দ্য চিলড্রেনের মাইকেল ম্যাকগ্রাথ, নারী প্রগতি সংঘের রোকেয়া কবির, ব্র্যাকের আসিফ সালেহসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য দেন। দেশি-বিদেশি এনজিওগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।