নির্যাতনকেন্দ্র হিসেবে শনাক্ত করলেন এক নির্যাতিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পৈতৃক বাড়ি চট্টগ্রাম নগরের গুডস হিলে। মুক্তিযুদ্ধ চলাকালে বাড়িটি নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহারের প্রমাণ পেয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।তদন্ত দল গতকাল মঙ্গলবার বিকেলে বাড়িটি সরেজমিনে পরিদর্শন করে এবং একাত্তরে নির্যাতিত এক ব্যবসায়ী নির্যাতনের কেন্দ্র হিসেবে এটি শনাক্ত করেন। ৬৮ বছর বয়সী ওই ব্যবসায়ীর নাম ম. সলিম উল্লাহ। পরে তিনি এবং তদন্ত দলের সদস্যরা সেখানে নির্যাতনকেন্দ্র থাকার বিষয়টি সাংবাদিকদের জানান।তদন্ত দল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সলিম উল্লাহকে নিয়ে ওই বাড়িতে প্রায় এক ঘণ্টা তদন্ত করে। কোথায়, কীভাবে সে সময় নির্যাতন করা হতো, তদন্ত দলকে এর বর্ণনা দেন তিনি। দুই সদস্যের তদন্ত দলের নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম। অন্য সদস্য হলেন পরিদর্শক মো. ওবায়দুল্লাহ।তদন্ত শেষে এএসপি নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্তই আমার এখানে মুখ্য বিষয়। আর যাঁদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ রয়েছে, সেগুলো আপাতত তদন্তের স্বার্থে গোপন থাকবে।’ তিনি বলেন, ‘এখানে যে পুরোনো ভবন রয়েছে, সেটি তখন ছিল গাড়ির গ্যারেজ। গ্যারেজের দোতলায় তখন থাকতেন তাঁদের সহযোগী সিন্ধি পুলিশের লোকজন। নিচতলায় গাড়ি রাখার স্থানে স্থানীয় দালালদের মাধ্যমে লোকজন ধরে এনে নির্যাতন করা হতো। কাউকে কাউকে হত্যাও করা হতো।’জানা যায়, ওই বাড়ি থেকে কিছু জব্দ করা হয়নি। একটি সার্চ লিস্ট (খোঁজ তালিকা) করা হয়। তাতে গুডস হিলের তত্ত্বাবধানে থাকা তিন কর্মচারীর স্বাক্ষর নেওয়া হয়।প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করছেন। তাঁরা রাউজানে নির্যাতিত ব্যক্তিদের সাক্ষ্যও নেন। আজ বুধবারও তদন্ত চলবে বলে জানা গেছে।সলিম উল্লাহকে কীভাবে ধরে আনা হয়েছিল এবং কীভাবে মুক্তি পেয়েছিলেন, সাংবাদিকদের এসব জানান তিনি। নির্যাতনের সময় সাকা চৌধুরীকে দেখেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি তাঁদের পৈতৃক বাড়ি এবং নির্যাতনের সময় তাঁর ছোট ভাই সাইফুদ্দিনকে দেখেছি। তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী এবং তাঁর সব সন্তানই এখানে নির্যাতনের সঙ্গে যুক্ত।’নির্যাতনের বর্ণনা: সলিম উল্লাহ সাংবাদিকদের জানান, নগরের অভয় মিত্র ঘাটে তাঁদের পারিবারিক প্রিন্টিং প্রেস ছিল। ওই প্রেসের কর্মীরা থাকতেন রহমতগঞ্জে। একাত্তরের ২ এপ্রিল রাতে তাঁদের দুই কর্মীকে আলশামস বাহিনী রহমতগঞ্জের বাসা থেকে ধরে নেওয়ার সময় তিনি বাধা দেন। স্থানীয় আলশামস বাহিনীর কমান্ডার খোকা ও মাহবুবের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী একটি জিপে করে এ সময় তাঁকেও গুডস হিলে ধরে নিয়ে যায়। খলিফ নামের অপর একজনকেও তাঁর সঙ্গে একই গাড়িতে নেওয়া হয়।সাকা চৌধুরীর একতলা পৈতৃক বাড়িটি দেখিয়ে সলিম সাংবাদিকদের বলেন, ধরে আনার পর এখানকার একটি কক্ষে তাঁকে বেঁধে, পা ওপরের দিকে ও মাথা নিচের দিকে ঝুলিয়ে বেদম পেটানো হয়। এ সময় ওই কক্ষে খোকা, মাহবুব ছাড়াও সাকা চৌধুরীর ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলমকে (সাবেক হুইপ ও বর্তমানে বিএনপির নেতা) দেখেন তিনি। এরপর তাঁদের গ্যারেজে রেখে তালা মেরে চলে যায়। আশপাশের কক্ষ থেকে মানুষের আর্তচিৎকার শুনেছেন। পরদিন সকাল নয়টার দিকে তাঁর মামা আইনজীবী আবুল কাশেমের মধ্যস্থতায় তিনি নির্যাতনকেন্দ্র থেকে মুক্তি পান। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও মুক্তিযুদ্ধের প্রতি তাঁর পূর্ণ সমর্থন ছিল।সলিম উল্লাহ বলেন, বাড়ির গ্যারেজের ওপরতলায় ছিল পাকিস্তানি বাহিনীর ক্যাম্প এবং নিচে বিভিন্ন কক্ষে ধরে আনা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে নির্যাতন করা হতো।