নির্যাতনকেন্দ্রের সামনে অস্ত্র হাতে কাদের মোল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান জবানবন্দিতে বলেছেন, একাত্তরে তিনি মোহাম্মদপুরের শারীরিক শিক্ষাকেন্দ্রের ফটকের সামনে কাদের মোল্লাকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মঙ্গলবার জবানবন্দি দেন মোজাফফর আহমেদ। জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ। ৮ জুলাই জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে মোজাফফর আহমেদ খান জবানবন্দিতে বলেন, ১৯৬৯ সালে তিনি ঢাকার কেরানীগঞ্জ থানা শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি সত্তরের নির্বাচনে ঢাকার মিরপুর-মোহাম্মদপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী আশরাফ আলী চৌধুরীর পক্ষে কাজ করেন। ওই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন গোলাম আযম। তাঁর পক্ষে কাজ করেন কাদের মোল্লা। তিনি বলেন, একাত্তরের মে মাসে তিনি ১৫ জন বন্ধুকে নিয়ে ভারতের আগরতলায় যান। জুলাই মাসের শেষে অস্ত্র প্রশিক্ষণ নিতে তাঁদের আসামের লাইলাপুর সেনানিবাসে পাঠানো হয়।মোজাফফর বলেন, প্রশিক্ষণ শেষে তাঁরা আগরতলার মেলাগড়ে ফিরেন। সেখানে মেজর হায়দার ও ক্যাপ্টেন হালিম চৌধুরীর নেতৃত্বে তাঁদের অস্ত্র দেওয়া হয়। ২৫ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি বাংলাদেশে এসে কেরানীগঞ্জের কলাতিয়ায় ক্যাম্প স্থাপন করেন। তিনি বলেন, ২৫ নভেম্বর ভোররাতে তাঁরা গুলির শব্দ পান। এরপর তিনি তাঁর বাহিনী নিয়ে কলাতিয়া থেকে ঘাটার চরে চলে যান।এ পর্যায়ে সাক্ষী অগোছালোভাবে জবানবন্দি দিলে ট্রাইব্যুনাল তাঁকে গুছিয়ে বলতে বলেন। এতে সাক্ষী উত্তেজিত হয়ে বলেন, ‘আমাকে চার্জ করছেন। আমাকে বলার সুযোগ দেন, তা না হলে আমি সাক্ষ্য দেব না। আমি পেইড সাক্ষী নই। স্বতঃপ্রণোদিত হয়ে সাক্ষ্য দিতে এসেছি। আমি হাইব্রিড মুক্তিযোদ্ধা নই, জেনুইন মুক্তিযোদ্ধা।’ ট্রাইব্যুনাল বলেন, ‘সাক্ষী সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন।’ মোজাফফর বলেন, ‘সেন্টিমেন্টাল না হলে যুদ্ধে যেতে পারতাম না।’এ সময় রাষ্ট্রপক্ষ সাক্ষীকে শান্ত করার চেষ্টা করেন। সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর জবানবন্দিতে মোজাফফর বলেন, ভোর (২৫ নভেম্বর) থেকে বেলা ১১টা পর্যন্ত ঘাটার চরে হিন্দু ও মুসলমান মিলিয়ে ৫৭ জনকে হত্যা করে রাজাকাররা। রাজাকাররা সেখান থেকে বড় ভাওয়ালে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে। বেলা ১১টার দিকে তিনি খবর পান, রাজাকার ও পাকিস্তানি সেনারা ওই স্থান ত্যাগ করেছে। তখন তিনি প্রধান সড়ক দিয়ে না গিয়ে পেছন দিক দিয়ে বাহিনী নিয়ে ভাওয়ালে খানবাড়ি যান। সেখানে গিয়ে দেখেন, তাঁর বাড়ি জ্বলছে, ওসমান গণি ও গোলাম মোস্তফার লাশ পড়ে আছে। তিনি ওই দুজনের লাশ দাফনের ব্যবস্থা করে ঘাটার চরে যান। সেখানে গিয়ে দেখেন, চারদিকে শুধু রক্ত আর লাশ।সাক্ষী জবানবন্দিতে আরও বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে—তা স্থানীয় তৈয়ব আলী ও আবদুল মজিদের কাছে জানতে চান। মজিদ তাঁকে জানান, ২৩ বা ২৪ নভেম্বর ঘাটার চরে একটি সভা হয়। ওই সভায় মুসলিম লীগের জয়নাল, কে জি করিম বাবলা, মোক্তার হোসেন, ফয়জুর রহমান ছিলেন। তাঁরা ইসলামী ছাত্রসংঘের নেতা কাদের মোল্লার সঙ্গে যোগাযোগ করে ওই সভার ব্যবস্থা করেন। ওই সভায় কাদের মোল্লাও উপস্থিত ছিলেন। সভায় নিরস্ত্র মানুষকে হত্যার সিদ্ধান্ত হয়। ২৫ নভেম্বর ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।মোজাফফর আহমেদ বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ চলাকালে মোহাম্মদপুর এলাকায় মামার বাসায় একবার গিয়েছি। মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে রাজাকার ও আলবদরদের একটা নির্যাতনকেন্দ্র ছিল। মামার বাসা থেকে ফেরার পথে দেখি, ওই নির্যাতনকেন্দ্রের ফটকের সামনে অস্ত্র হাতে কাদের মোল্লা সহযোগীদের নিয়ে দাঁড়িয়ে আছেন।’ তিনি বলেন, ২৫ নভেম্বর ঘাটার চরে যে গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট হয়, তা স্থানীয় রাজাকাররা কাদের মোল্লার সঙ্গে যোগাযোগ করে তাঁর নেতৃত্বে সংঘটিত করে।জবানবন্দির শেষ দিকে সাক্ষী বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানিয়েছেন। শহীদজননী জাহানারা ইমাম ও কর্নেল নুরুজ্জামানের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে তিনি এ বিচারের দাবি করেছেন। ২০০৭ সালে তিনি ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ ব্যাপারে একটি মামলাও করেন। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী সাক্ষীর কাছে জানতে চান, তিনি কাদের মোল্লাকে চেনেন কি না? জবাবে সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা কাদের মোল্লাকে দেখিয়ে দেন।জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী একরামুল হক সাক্ষীকে জেরা শুরু করেন। সাক্ষীর কাছে জাতীয় পরিচয়পত্র আছে কি না, জানতে চাইলে তিনি পকেট থেকে তা বের করে দেখান। আইনজীবী পরিচয়পত্র দেখে জন্মতারিখ বলতে বললে সাক্ষী বলেন, তাঁর জন্ম ১৯৫৩ সালের ৩ মার্চ। ১৯৭০ সালে তিনি ভোটার ছিলেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মনে করতে পারছেন না।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম জেরার জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল ৮ জুলাই জেরার পরবর্তী দিন ধার্য করেন।