নির্যাতনে ট্রেনের নিচে ঝাঁপ, সালিসে আপস
স্বামীর নির্যাতন সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ নাছরিন আক্তার (২২)। গতকাল শনিবার বিকেল সোয়া চারটায় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী নিহতের স্বামী মানিক মিয়াকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। তবে ঘটনাটি সালিস বৈঠকে সুরাহা করে নিয়েছে দুই পরিবারের সদস্যরা। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার নোয়াপাড়া গ্রামের নাছরিন আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী পাতানিশ গ্রামের মানিক মিয়ার বিয়ে হয়। তাঁদের দেড় বছরের একটি কন্যাসন্তান আছে। মানিক মিয়া এলাকায় দিনমজুরের কাজ করেন। বিয়ের পর থেকেই মানিক মিয়া যৌতুকসহ নানা কারণে স্ত্রী নাছরিন আক্তারকে নির্যাতন করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে নাছরিন আক্তার গতকাল বিকেলে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) পুলিশ গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। রাতেই নাছরিনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিক মিয়াকে এলাকাবাসী পাতানিশ আড়ং বাজারে আটক করে মারধর করেছে। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। তবে নিহত নাছরিনের পরিবার থেকে কেউ মানিক মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেননি।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. দুলাল খন্দকার বলেন, ‘নাছরিন মারা যাওয়ার পর গতকাল রাতে আমরা হাজীগঞ্জ বাজারে একটি সালিস বৈঠক করেছি। ওই বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন ও ইউপি সদস্য মো. হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নাছরিনের পরিবার ও মানিক মিয়ার পরিবার মিলে গেছে। কারও বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই।’ এ ঘটনা সালিস যোগ্য কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা উভয় পরিবার মিলে গেলে আমার-আপনার অসুবিধা কি?’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ১০ মিনিট পর ফোন করতে বলেন। পরে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মানিক মিয়ার বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেনি। তাঁকে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের কেউ বাদী হয়ে লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।