পিলখানায় বিদ্রোহের পর আটক বিডিআর জওয়ানদের মধ্যে ৬৯ জন মারা গেছেন। এর মধ্যে দুই বিডিআর সদস্যের মৃত্যুর ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব মৃত্যুর জন্য পিলখানায় জিজ্ঞাসাবাদের নামে ব্যাপক নির্যাতন দায়ী বলে অভিযোগ উঠেছে। তবে এসব মৃত্যুর জন্য আত্মহত্যা ও রোগ-ব্যাধিকে কারণ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।পিলখানায় বিডিআর জওয়ানদের নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার ক্ষেত্রে আইন তার নিজের মতো করে চলবে। আমরা কোনো কিছুতে হস্তক্ষেপ করব না।’ সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের পর পিলখানার ভেতর জওয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ সেল তৈরি করা হয়। এ সেলে জিজ্ঞাসাবাদের নামে জওয়ানদের নির্যাতনের অভিযোগ ওঠে। অনেক জওয়ান আদালতে তাঁদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। এসবের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গত বছরের ৫ মে। বিডিআরের হাতে আটক অবস্থায় জিজ্ঞাসাবাদে তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পিলখানা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁরা হলেন ৪২ রাইফেল ব্যাটালিয়নের সদস্য মনির হোসেন, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য হায়দার আলী ও ইব্রাহিম হোসেন। তাঁরা জানিয়েছিলেন, পিলখানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের টিএফআই সেলে নিয়ে যাওয়া হয়। দুদিন সেখানে থাকার পর চোখে কালো কাপড়ে বেঁধে একটি গাড়িতে করে আবার তাঁদের পিলখানায় আনা হয়। তাঁরা অভিযোগ করেছিলেন, ওই সময় পিলখানার ভেতর বিদ্রোহের সঙ্গে জড়িত জওয়ানদের প্রতিদিনই বাছাই করা হচ্ছিল। বাছাই করার পর যাঁদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, তাঁদের গ্রেপ্তারের আগে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন স্থানে পাঠানো হতো। এভাবে জওয়ানদের দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থানে রেখে জিজ্ঞাসাবাদ করা হতো।আগেও আদালতে একাধিক জওয়ান অভিযোগ করেছেন, তাঁদের থানায় সোপর্দ করার আগে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে। বিডিআর জওয়ান মিন্টু শেখ, জফুর আলী, নায়েক শেখ মনিরুল ইসলাম, জওয়ান মাসুদ, সোহরাব, ইউসুফ আলীও আদালতে নির্যাতনের অভিযোগ করেন। বিডিআর সূত্র জানায়, বিদ্রোহের পর এ পর্যন্ত বিভিন্ন কারণে ৬৯ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় ২৯ ও ঢাকার বাইরে ৪০ জন। বিডিআর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী তাঁদের মধ্যে নয়জন আত্মহত্যা করেছেন। চারজন ঢাকায়, পাঁচজন ঢাকার বাইরে। বিডিআর কর্মকর্তারা দাবি করেন, পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ, লুটপাট, অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পর বিডিআর জওয়ানদের ভেতর আত্মহত্যার ঘটনা ঘটে। এর কারণ হিসেবে বলা হয়, বিদ্রোহের ঘটনায় সম্পৃক্ত হওয়ার পর অনেকে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। তবে নির্যাতনের মাধ্যমে দুই সদস্য হাবিলদার মহিউদ্দিন ও নায়েক মোবারক হোসেনকে খুন করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদন থেকে পুলিশ নিশ্চিত হয়েছে। দুজনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ দুই বিডিআর সদস্যের মৃত্যু নিয়ে ৩ অক্টোবর রাজধানীর নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত আসামিদের হাতে দুই বিডিআর সদস্য নিহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করে হয়।থানা পুলিশ জানায়, দুই বিডিআর সদস্যের মধ্যে নায়েক মোবারক হোসেন হত্যা মামলাটি তদন্ত করছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রসুল আহমেদ। তদন্তের ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, মোবারক হোসেনের মৃত্যুর স্থান হিসেবে পিলখানার ভেতর বিডিআর হাসপাতালের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি মারা গেছেন নির্যাতনের কারণে। এখন হাসপাতালের ভেতর কী করে তাঁর ওপর নির্যাতন চালানো হলো, সেটা দেখা হচ্ছে।হাবিলদার মহিউদ্দিন হত্যা মামলাটি তদন্ত করছেন এসআই মনোয়ার হোসেন। তিনি জানান, মহিউদ্দিনের মৃত্যুর ঘটনাস্থলও হাসপাতালে উল্লেখ করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পিলখানার ভেতর অবস্থান করা বিডিআর সদস্যদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানা গেছে।সূত্র জানায়, দুই বিডিআর সদস্যের মধ্যে নায়েক মোবারক হোসেন মারা যান গত ২২ মার্চ। তিনি কক্সবাজারে কর্মরত ছিলেন। বিডিআর সপ্তাহ উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি তিনি পিলখানায় আসেন। নিহত মোবারক হোসেনের বাবার নাম লোকমান সিকদার, বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার সালিমাবাদ গ্রামে। তিনি দুই সন্তানের জনক। অপরজন হাবিলদার মহিউদ্দিন মারা যান ৬ মে। তাঁর বাবার নাম আমিন উল্লাহ, বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আইয়ুবপুর গ্রামে। মহিউদ্দিন চার সন্তানের জনক। তিনি চট্টগ্রামের হালিশহর ২৮ রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, দুই সদস্য নিহত হলেও নিহত পরিবারগুলো কোনো কিছুই পায়নি। তাঁদের বেতন, রেশন বা পেনশনের কোনো টাকাই দেওয়া হচ্ছে না। মহিউদ্দিনের পরিবার থেকে ফোন করে এ অভিযোগের কথা জানানো হয়েছে।